
রাজশাহীর পবা উপজেলার বাগধানীতে বারনই নদীর একটি অংশ জোয়াখালে অবৈধভাবে বাঁধ দিয়ে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ করে মাছ চাষের চেষ্টার অভিযোগে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় প্রায় ২০০ ফুট নিষিদ্ধ চায়না দুয়ারি ও রিং জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। একইসাথে বাঁধ নির্মাণে ব্যবহৃত বাঁশের বেড়া ও অন্যান্য অবকাঠামোও আগুনে পুড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করায় মো: আলমগীর (২৭) নামে একজনকে এক হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়ে।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইবনুল আবেদীন এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে ইউএনও মো: ইবনুল আবেদীন বলেন, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর আওতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। বারনই নদীর একটি অংশ জোয়াখালে অবৈধভাবে বাঁধ দিয়ে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ করে মাছ চাষ ও আহরণের প্রস্তুতি নেয়া হচ্ছিল। এছাড়া সেখানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও রিং জাল পাওয়া যায়। অভিযানে এসব জাল জব্দের পাশাপাশি বাঁধ নির্মাণে ব্যবহৃত বাঁশের বেড়া ও অন্যান্য অবকাঠামো পুড়িয়ে ধ্বংস করা হয়।
তিনি আরো বলেন, খালে বাঁশের বেড়া দেয়ার সাথে জড়িত থাকার কথা স্বীকার করায় মো: আলমগীরকে এক হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
ইউএনও বলেন, নদী-খাল-বিল দেশীয় ছোট মাছের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক অভয়াশ্রম। এসব জলাশয়ে অবৈধ বাঁধ ও প্রতিবন্ধকতা সৃষ্টি করে মাছ আহরণ করা হলে দেশীয় মাছের প্রজনন ও স্বাভাবিক বিচরণ বাধাগ্রস্ত হয়। এতে দেশীয় মাছের প্রাচুর্য কমে যাওয়ার পাশাপাশি ভবিষ্যতে মাছের সঙ্কট আরো বাড়তে পারে।
দেশীয় মাছের প্রাচুর্য ফিরিয়ে আনতে উপজেলা মৎস্য কার্যালয়ের সাথে সমন্বয় করে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








