কাপ্তাইয়ে জাতীয় দূরপাল্লা সাঁতারে ফয়সাল ও মুক্তি চ্যাম্পিয়ন
কাপ্তাই লেকে পুরুষ বিভাগে ১০ কিলোমিটার ও নারী বিভাগে আট কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা আয়োজন করা হয়। নয়া দিগন্ত

রাঙ্গামাটির কাপ্তাইয়ে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ফয়সাল আহমেদ ও নারী বিভাগে মুক্তি খাতুন চ্যাম্পিয়ন হয়েছেন। প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ১০ কিলোমিটার ও নারী বিভাগে আট কিলোমিটার সাঁতারে তারা নিজ নিজ বিভাগে চ্যাম্পিয়ন হন। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন এলাকার ২০ জন সাঁতারু অংশ নেন।

Advertisement

সোমবার (১৬ নভেম্বর) কাপ্তাই লেকে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

প্রতিযোগিতায় পুরুষ বিভাগে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহমেদ। এ বিভাগে নৌবাহিনীর আসিফ রেজা দ্বিতীয় ও সেনাবাহিনীর জুয়েল আহমেদ তৃতীয়স্থান লাভ করেন।

অন্যদিকে, নারী বিভাগে সেনাবাহিনীর মুক্তি খাতুন চ্যাম্পিয়ন হন। এ বিভাগে নৌবাহিনীর সোনিয়া আক্তার দ্বিতীয় ও একই বাহিনীর পলি খাতুন তৃতীয় স্থান লাভ করেন।

প্রতিযোগিতা শেষে দুপুরে রাঙ্গামাটি শহীদ শুক্কুর স্টেডিয়ামে পুরস্কার বিতরণ করা হয়। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদ ও আর্থিক পুরস্কার তুলে দেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। এছাড়া, সফলভাবে প্রতিযোগিতা সম্পন্নকারী প্রত্যেক সাঁতারুকে সনদ ও আর্থিক পুরস্কার দেয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনী প্রধান বলেন, ‘বাংলাদেশ নদীমাতৃক দেশ। এ দেশের মানুষের জীবনে সাঁতার একটি অপরিহার্য দক্ষতা। সাঁতারের প্রসারে বাংলাদেশ সুইমিং ফেডারেশন জাতীয় ও বয়সভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় এ দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। নতুন প্রতিভাবান সাঁতারু অন্বেষণের লক্ষ্যে ইতোমধ্যে ট্যালেন্ট হান্ট কার্যক্রম শুরু হয়েছে।’

নৌবাহিনী প্রধান বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান ও সম্ভাবনাময় সাঁতারুদের খুঁজে বের করে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতার উপযোগী সাঁতারু হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ নৌবাহিনী সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০২৫ নামে সুইমার ট্যালেন্ট হান্ট কর্মসূচি গ্রহণ করেছে। এ কর্মসূচির আওতায় ইতোমধ্যে সারাদেশ থেকে ৭০ জন সাঁতারুকে বাছাই করে দীর্ঘ মেয়াদি প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতা ও অলিম্পিকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার মতো দক্ষ সাঁতারু তৈরিই এ উদ্যোগের মূল লক্ষ্য।

রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি আসনের জাতীয় সংসদ সদস্য (এমপি) দীপেন দেয়ান, চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক ও জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু।