
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে দুইটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে।
এদিকে শ্রমিক অসন্তোষের প্রভাবে কোনাবাড়ী ও কালিয়াকৈর এলাকার ১৭টি পোশাক কারখানা বন্ধ রাখা হয়েছে।
সোমবার সকাল ৮টার দিকে কোনাবাড়ী এলাকার এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক ছেড়ে দেয়ার অনুরোধ জানান। এ সময় শ্রমিকেরা উত্তেজিত হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে সড়ক ছেড়ে চলে যান। পরে সড়কে যান চলাচলসহ পরিস্থিতি স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ওই দুইটি কারখানার শ্রমিকেরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়। শিল্পাঞ্চলের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।
এদিকে শ্রমিক অসন্তোষের প্রভাবে গাজীপুরের কোনাবাড়ী ও কালিয়াকৈর এলাকায় ১৭টি পোশাক কারখানা পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। শিল্পাঞ্চলের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি আজও ১০ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গাজীপুরে নিবন্ধিত পোশাক কারখানার সংখ্যা দুই হাজারের বেশি। বিচ্ছিন্ন কিছু বিক্ষোভ ও অসন্তোষের ঘটনা ঘটলেও বেশির ভাগ কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








