
৯২ বছরের পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠান, অথচ নেই সীমানাপ্রাচীর। চারপাশ খোলামেলা, পাশেই ব্যস্ত সড়ক। বিদ্যালয়ে পাঠদান চলাকালে কিংবা টিফিনের বিরতিতে অসাবধানতাবশত কোনো শিক্ষার্থী সড়কে চলে গেলে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এমনই প্রতি মুহূর্তের নিরাপত্তার ঝুঁকি নিয়ে পড়ালেখা করতে বিদ্যালয়ে যাচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা।
রোববার (১৫ নভেম্বর) সকালে এমনটাই জানিয়েছেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলাধীন ১৯নং দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাগর আহমেদ।
তিনি জানান, আমাদের স্কুলটি দাদপুর ইউনিয়নের দাদপুর গ্রামের ময়েনদিয়া-চিতার বাজার প্রধান সড়কের পাশে অবস্থিত। এরকম ঝুঁকিপূর্ণ স্থান হওয়ায় আমরা এরইমধ্যে শিক্ষার্থীদের নিয়ে একটি মানববন্ধন আয়োজন করেছি। আমরা আশা করি- আমাদের বিষয়টি সংশ্লিষ্টদের দৃষ্টিগোচর হবে।
১৯৩৪ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় ৩০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে। দীর্ঘদিন ধরে এলাকার শিশুদের শিক্ষার আলো ছড়িয়ে দেয়া এ প্রতিষ্ঠানটির চারপাশে সীমানাপ্রাচীর না থাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন শিক্ষক ও অভিভাবকরা। তাদের অভিযোগ, ব্যস্ত সড়কের পাশে অবস্থিত বিদ্যালয়টিতে বাউন্ডারি না থাকায় শিক্ষার্থীরা প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছে। ইতোমধ্যে এ সড়কে দুর্ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার ঘটনাও ঘটেছে। তাই শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে দ্রুত বাউন্ডারি নির্মাণের দাবি জানিয়েছেন তারা।
মানববন্ধনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি সাগর আহমেদ বলেন, দাদপুর ১৯ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এলাকার অন্যতম পুরোনো ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। ময়েনদিয়া-চিতার বাজার প্রধান সড়কের পাশে অবস্থিত হওয়ায় বিদ্যালয়টির শিক্ষার্থীরা সব সময় ঝুঁকির মধ্যে থাকে। এ সড়ক দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক যানবাহন চলাচল করে। বাউন্ডারি না থাকায় টিফিনের সময় খেলাধুলা করতে গিয়ে শিক্ষার্থীরা অসাবধানতাবশত সড়কে চলে যেতে পারে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। কিছুদিন আগেও এ সড়কে দুর্ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। তাই আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আগেই জরুরি ভিত্তিতে বিদ্যালয়ের সীমানাপ্রাচীর নির্মাণ করা প্রয়োজন।
বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো: জাহিদ হাসান পলাশ বলেন, বিদ্যালয়টি দীর্ঘদিনের পুরোনো ও ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। অথচ সীমানাপ্রাচীর না থাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রতিনিয়ত দুশ্চিন্তায় থাকতে হয়। শিশুদের নিরাপদে পড়াশোনা ও খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে দ্রুত বাউন্ডারি নির্মাণের দাবি জানাচ্ছি।
মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা জানায়, বাউন্ডারি না থাকায় বিদ্যালয়ে তারা নিরাপদ বোধ করে না। টিফিনের সময় খেলাধুলা করতে গেলেও সড়কের পাশের ঝুঁকির কারণে ভয়ে থাকতে হয়। তাই দ্রুত বাউন্ডারি নির্মাণ করে নিরাপদে পড়াশোনা ও খেলাধুলার সুযোগ নিশ্চিত করার দাবি জানায় তারা।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক সজিব দত্ত বলেন, বিদ্যালয়টির জন্য বাউন্ডারি নির্মাণ অত্যন্ত জরুরি। বিদ্যালয় ছুটির সময় শিক্ষার্থীদের নিরাপদে সড়ক পার করে দেয়া হয়। তবে টিফিনসহ অন্যান্য সময়ে শিক্ষার্থীরা ঝুঁকির মধ্যে থাকে। সীমানাপ্রাচীর নির্মাণ করা হলে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা অনেকটাই সহজ হবে।
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন বলেন, তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেছেন। পরিদর্শনে সড়কের পাশে অবস্থিত বিদ্যালয়টিতে জরুরি ভিত্তিতে বাউন্ডারি নির্মাণের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছেন। অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যালয়টির বাউন্ডারি নির্মাণের কাজ করা হবে।
বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে। বরাদ্দ পাওয়া গেলে জরুরি ভিত্তিতে বিদ্যালয়টির বাউন্ডারি নির্মাণের ব্যবস্থা করা হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








