
ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলার মোহনপুর শিবানন্দপুর মডেল মাদরাসার ১৮ বছর পূর্তি উপলক্ষে ঐতিহ্যবাহী লাঠিখেলা আয়োজন করা হয়েছে। একসময় গ্রামবাংলার মানুষের বিনোদনের অন্যতম অনুষঙ্গ ছিল ঐতিহ্যবাহী লাঠিখেলা। সময়ের পরিবর্তনে সেই সংস্কৃতি হারিয়ে যেতে বসলেও গ্রামীণ ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে ব্যতিক্রমী আয়োজন করে মাদরাসা কর্তৃপক্ষ।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে মাদরাসা মাঠে এ লাঠিখেলা আয়োজন করা হয়।
ঐতিহ্যবাহী এ খেলা দেখতে বিভিন্ন বয়সের মানুষ ভিড় করেন। লাঠিয়ালদের হাতে লাঠির দ্রুত ঘূর্ণন, আক্রমণ-পাল্টা আক্রমণের কৌশল আর ছন্দময় শারীরিক কসরত দেখে মুগ্ধ হন দর্শকরা। কখনো লাঠির ঠকঠক শব্দে, কখনো দর্শকদের করতালি আর হাঁকডাকে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। লাঠিয়ালদের প্রতিটি চমকপ্রদ কৌশলে দর্শকদের উচ্ছ্বাস যেন আরো বেড়ে যায়। শিশু-কিশোর থেকে শুরু করে বৃদ্ধ, সব বয়সের মানুষের উপস্থিতিতে আয়োজনটি পরিণত হয় এক মিলনমেলায়।
লাঠিখেলায় অংশ নেন মধুখালী উপজেলার গহেশপুরের লাঠিয়াল বাহিনীর প্রধান ওমর আলী সরদার ও ফরিদপুরের চাঁদপুর এলাকার আবুল সরদারের লাঠিয়াল দল। দুই দলের লাঠিয়ালরা নিজেদের দক্ষতা, সাহস ও কৌশলের সমন্বয়ে দর্শকদের সামনে তুলে ধরেন গ্রামবাংলার হারিয়ে যেতে বসা এ লোকজ ঐতিহ্য।
মাদরাসার ১৮ বছর পূর্তি উপলক্ষে লাঠিখেলার পাশাপাশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।
সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে মাদরাসার প্রধান শিক্ষক কবীর মোল্লা, ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
আয়োজকদের এমন উদ্যোগকে স্বাগত জানান উপস্থিত দর্শকেরা। তাদের মতে, আধুনিক বিনোদনের ভিড়ে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা অনেকটাই হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মের কাছে এসব খেলার পরিচয় তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








