তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ‘তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ’-এর মানববন্ধন
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ‘তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ’-এর মানববন্ধন। নয়া দিগন্ত

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন লালমনিরহাট সফরকে সামনে রেখে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়েছেন তিস্তাপাড়ের বাসিন্দারা। আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রীর জনসভা থেকে এ প্রকল্পের পূর্ণাঙ্গ রূপরেখা ও বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণার প্রত্যাশা তাদের।

Advertisement

এ দাবিতে রোববার (১৫ নভেম্বর) জেলার হাতীবান্ধা উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে ‘তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ’। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পক্ষে তাদের অবস্থান তুলে ধরেন।

কর্মসূচিতে সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শফিয়ার রহমান, হাতীবান্ধা উপজেলা কমিটির সভাপতি আব্দুর গফুর ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান বক্তব্য দেন।

বক্তারা বলেন, তিস্তা নদীকে ঘিরে উত্তরাঞ্চলের মানুষের দুর্ভোগ দীর্ঘদিনের। প্রতি বছর বন্যা, নদীভাঙন ও পানির অভাবে কৃষি ও জীবিকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই অঞ্চলের মানুষ। এসব সঙ্কট থেকে উত্তরণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই।

তাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন। এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাট সফরকে ঘিরে সেই প্রত্যাশা আরো বেড়েছে। আগামী ১৯ নভেম্বরের জনসভা থেকে প্রকল্পের সুনির্দিষ্ট পরিকল্পনা, বাস্তবায়ন প্রক্রিয়া ও সময়ভিত্তিক রোডম্যাপ ঘোষণার দাবি জানান তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নদীকেন্দ্রিক সঙ্কট নিরসনের পাশাপাশি উত্তরাঞ্চলের মানুষের জীবনযাত্রা ও অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।