
শিক্ষার্থীদের ব্যাংকিং সেবার আওতায় আনা এবং সঞ্চয়ে উৎসাহিত করতে রাজশাহী কলেজে পাঁচ দিনব্যাপী ‘ব্যাংকিং ফেয়ার-২০২৬’ শুরু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এই ক্যাম্পেইনের মাধ্যমে শিক্ষার্থীদের স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলা, সঞ্চয়ের গুরুত্ব, বিভিন্ন ব্যাংকিং সেবা ও সুবিধা সম্পর্কে ধারণা দেয়া হচ্ছে।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে রাজশাহী কলেজে এই ক্যাম্পেইনের কার্যক্রম শুরু হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির রাজশাহীর নিউ মার্কেট শাখার উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পেইন চলবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত। এ সময়ে শিক্ষার্থীরা স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার সুযোগসহ বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।
ক্যাম্পেইনের উদ্বোধনী আয়োজনে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির রাজশাহী জোন প্রধান (ইভিপি) ড. মো: আশরাফ আলী বলেন, ১৯৮৩ সালে যাত্রার পর থেকেই ইসলামী ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রেখে চলেছে। শিক্ষার্থীদের ছোট ছোট সঞ্চয় ভবিষ্যতে পুঁজি গঠনের পাশাপাশি উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টিতেও ভূমিকা রাখতে পারে। এ লক্ষ্যেই শিক্ষার্থীদের ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে সঞ্চয়ে আগ্রহী করে তোলা হচ্ছে। রাজশাহী কলেজে আয়োজিত এ ক্যাম্পেইনে স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন উপহার ও ব্যাংকিং সুবিধা দেয়া হচ্ছে।
ক্যাম্পেইনে অংশ নিয়ে রাজশাহী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আমরিন জিম বলেন, বিনা খরচে স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার সুযোগটি তার ভালো লেগেছে। বৃত্তি বা স্কলারশিপের অর্থ গ্রহণের জন্য শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্ট প্রয়োজন হয়। এছাড়া বিদেশে ইন্টার্নশিপ বা ভ্রমণের ক্ষেত্রেও ভিসা কার্ডের প্রয়োজন হতে পারে। এসব বিবেচনায় শিক্ষার্থীদের জন্য এই অ্যাকাউন্ট সুবিধাজনক।
এ সময় শিক্ষার্থীবান্ধব এই ক্যাম্পেইন সফল করতে কলেজ কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন ইসলামী ব্যাংকের কর্মকর্তারা।
অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নিউ মার্কেট শাখার ম্যানেজার মো: মাইনুল ইসলাম, ম্যানেজার (অপারেশনস) মো: নূর হোসেন, মোহাম্মদ নাঈম হোসেন, মোস্তাক আহমেদ, জসিম উদ্দিন, মাসুম বিল্লাহ ও সাইদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








