
ভোলার লালমোহনে ৮৮ বছরের বৃদ্ধ মো: আজাহার মিয়া। শরীরে শক্তি থাকাকালীন মানুষের দিনমজুরি করে চালিয়েছেন সংসার। এখন বিভিন্ন জটিল রোগে আক্রান্ত, নিভে গেছে এক চোখের আলোও। তাই, এখন আর দিন মজুরিতে কাজ করতে পারেন না তিনি। অনেকটা বাধ্য হয়েই গত ১০-১৫ বছর ভিক্ষা করে জীবন চালাচ্ছেন। বৃদ্ধ বয়সে এসে, অনেকটা নিরুপায় হয়ে সরকারি সহায়তা ও বসতঘর পাওয়ার আকুতি জানিয়েছেন আজাহার মিয়া।
রোববার (১৫ নভেম্বর) সরেজমিনে তার মানবেতর জীবনের দুরবস্থা জানতে গেলে এ প্রতিবেদকের মাধ্যমে তিনি সরকারি সহায়তার আবেদন জানান।
স্থানীয়রা জানান, বৃদ্ধ আজাহার মিয়া বিয়ে করেছেন তিনটি, তবে স্ত্রীদের কেউ এখন বেছে নেই। এ পৃথিবীতে তার আপনজন কেউই বেঁচে নেই, নেই কোনো আত্মীয়-স্বজন, এমনকি নেই বসতভিটাও। অন্যের বাড়িতে ভাঙা একটি ঝুপড়ি ঘরেই তার বসবাস। বৃদ্ধ বয়সে শরীর ভালো থাকলে সারাদিন ভিক্ষা করে যা পায় সেগুলো নিয়ে ফিরে আসেন জরাজীর্ণ ঝুপড়ি ঘরে, সারাদিনের ক্লান্ত-শ্রান্ত শরীর নিয়ে ঘরে এসেই ডাল-ভাত রান্নায় ব্যস্ত হয়ে পড়েন, অনেক কষ্টে রান্না করা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন আজাহার মিয়া।
বর্ষা মৌসুমে তার জরাজীর্ণ ঝুপড়ি ঘরটিতে বৃষ্টির পানি পড়ে আসবাবপত্র ও শোয়ার স্থান ভিজে থাকে অধিকাংশ সময়। বৃষ্টিতে ভিজে যাওয়া ঘরে বসবাস ছাড়া তার থাকার আর কোনো স্থান নেই, বৃদ্ধ আজাহার মিয়া ভিক্ষা করে যা পান তা দিয়ে নিজে কোনো রকমে খেয়ে-পরে চরম দুর্দশায় বেঁচে আছেন। ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের চরমোল্লাজী গ্রামের মোজাম্মেল হক মেম্বার বাড়িতে অন্যের জমিতে দিনশেষে একটি ঝুপড়ি ঘরে কোনোভাবে মাথা গোঁজেন বৃদ্ধ আজাহার।
সরকারি সহায়তার দাবি জানিয়ে বৃদ্ধ আজাহার মিয়া বলেন, ‘আমার বয়স এখন ৮৮ বছর। আজ পর্যন্ত সরকারি কোনো সুযোগ সুবিধা বা ভাতা পাইনি। অথচ আমার চেয়েও অনেক ভালো সামর্থ্যবান মানুষ সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছে।’
আজাহার মিয়া বলেন, ‘আমি একটা চালের নাম আর একটা বয়স্ক ভাতার জন্য চেয়ারম্যান-মেম্বারসহ অনেকের কাছে গেছি। তারা দেবে বলে কেবল শুধু আশা দিয়েছেন, তবে দেন না কিছুই। তাই সরকারের কাছে দাবি, মৃত্যুর আগে যেন আমাকে বসবাসের জন্য একটি ঘর এবং কিছু সুযোগ-সুবিধা দেয়া হয়। সরকারি কোনো সহায়তা পেলে হয়ত বাকি যে কয়দিন বেঁচে থাকি, সেই দিনগুলো একটু ভালোভাবে থাকতে পারব।’
এ বিষয়ে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: মাসুদ বলেন, ‘জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে অফিসে আসলে তাকে বয়স্ক ভাতার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








