দোকানে হামলা, অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার পাঁচজন
দোকানে হামলা, অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার পাঁচজন। নয়া দিগন্ত

রাজশাহী নগরীর খরবোনা এলাকায় পূর্বশত্রুতার জেরে একটি খাবারের দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)।

Advertisement

শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে নগরীর বোয়ালিয়া থানাধীন কমিশনার গলিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— জিয়ারুল (৩৮), মো: আল আমিন (৩৮), শিমুল (২৮), জিসান (২১) ও মো: মিঠুন (৫৩)। তাদের সবার বাড়ি নগরীর খরবোনা নদীর ধার এলাকায়। তাদের মধ্যে জিয়ারুল, আল আমিন, শিমুল ও জিসান মামলার এজাহারভুক্ত আসামি। আর মিঠুনকে তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে।

এসআরবি-৫-এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, খরবোনা নদীর ধারে শ্মশানের দেয়ালসংলগ্ন এলাকায় মোসা: মিলি নামে এক নারীর খাবারের দোকান রয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পূর্বশত্রুতার জেরে গ্রেফতার ব্যক্তিরা দলবদ্ধ হয়ে দোকানটিতে হামলা চালান। এ সময় তারা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দোকানের ক্ষতিসাধন করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় মোসা: মিলি ওই দিনই বোয়ালিয়া থানায় মামলা করেন। মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৬, ৪৩৬ ও ৪২৭ ধারায় অভিযোগ আনা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫-এর সদর কোম্পানির একটি অভিযানিক দল কমিশনার গলিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে সংস্থাটি।

গ্রেফতার ব্যক্তিদের বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।