মিষ্টি খাইছে এবং ফুলেল শুভেচ্ছায় বরণ করা হলো চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের চালক ও যাত্রীদের
মিষ্টি খাইছে এবং ফুলেল শুভেচ্ছায় বরণ করা হলো চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের চালক ও যাত্রীদের। নয়া দিগন্ত

দীর্ঘ প্রতীক্ষা ও আন্দোলন-সংগ্রামের অবসান ঘটিয়ে স্বাধীনতার পর প্রথমবারের মতো দিনাজপুরের হিলি রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি শুরু হয়েছে।

Advertisement

রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনটি হিলি স্টেশনে পৌঁছানোর মধ্য দিয়ে এই ঐতিহাসিক যাত্রার সূচনা হয়।

সকালে প্রথম দিন ট্রেনটি হিলি স্টেশনে পৌঁছালে চালক ও যাত্রীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন স্থানীয় বাসিন্দারা। এ সময় স্টেশন এলাকায় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয় এবং উচ্ছ্বাসে মেতে ওঠেন হিলিবাসী।

প্রথম যাত্রার যাত্রীরা জানান, নিজ এলাকার স্টেশন থেকে সরাসরি ঢাকায় যাওয়ার এই সুযোগ তাদের কাছে অত্যন্ত স্মরণীয় ও আনন্দের।

স্থানীয় বাসিন্দারা জানান, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেনের অক্লান্ত প্রচেষ্টায় হিলিবাসীর দীর্ঘদিনের এই প্রাণের দাবি পূরণ হয়েছে। এর ফলে সীমান্তবর্তী এই জনপদের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ১৮৭৮ সালে প্রতিষ্ঠিত হিলি রেলওয়ে স্টেশনটি ব্রিটিশ আমলে অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকলেও স্বাধীনতার পর থেকে এখানে ঢাকাগামী কোনো আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি ছিল না। ফলে রাজধানী ঢাকায় যাতায়াত করতে হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহারকারী যাত্রী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে পাশের বিরামপুর কিংবা জয়পুরহাটের পাঁচবিবি স্টেশনে যেতে হতো। এতে বাড়তি সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি সীমাহীন ভোগান্তি পোহাতে হতো যাত্রীদের।

ট্রেনের যাত্রাবিরতির দাবিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন হিলিবাসী। হিলি স্থলবন্দর আমদানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী, সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান ও বন্দর ব্যবসায়ী হুমায়ুন কবির জানান, এই যাত্রাবিরতির ফলে হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি বাণিজ্য, ইমিগ্রেশন কার্যক্রম ও স্থানীয় অর্থনীতিতে অত্যন্ত ইতিবাচক প্রভাব পড়বে।

হিলি রেলওয়ে স্টেশন মাস্টার জয়ন্ত চক্রবর্তী জানান, যাত্রীদের দীর্ঘদিনের দাবি ও সম্ভাব্য রাজস্ব আয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ গত ২৮ অক্টোবর চিলাহাটি এক্সপ্রেস ও নীলসাগর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির অনুমোদন দেয়। বর্তমানে হিলি স্টেশনের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) আসনসহ মোট ৩০টি আসন বরাদ্দ দেয়া হয়েছে। প্রথম দিন থেকেই যাত্রীদের আশানুরূপ সাড়া পাওয়া যাচ্ছে।

দীর্ঘ অপেক্ষার পর স্বপ্ন পূরণ হওয়ায় এখন হিলিবাসীর প্রত্যাশা, এই উদ্যোগের মধ্য দিয়ে সীমান্তবর্তী এই জনপদের রেল যোগাযোগ আগামীতে আরো সম্প্রসারিত হবে।