
ঢাকার ধামরাইয়ে নাশকতা ও মিছিলের প্রস্তুতির সময় চারটি ককটেল ও তিনটি পেট্রোল বোমাসহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এলাকা থেকে তাদের আটক করা হয়।
রোববার (১৫ নভেম্বর) সকালে গ্রেফতার আসামিদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একটি নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতার আসামিরা হলেন ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের বকচর এলাকার মো. শাকিবুল হাসান, ধামরাই পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকার হিমেল হাসান, ধামরাই বাথুলী এলাকার রিপন হোসেন, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার দীপংকর বালা, একই থানার ধোপড়া গ্রামের লেলিন বালা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি স্কেল এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একদল নেতা-কর্মী জড়ো হয়ে মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ধামরাই থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে পাঁচজনকে হাতেনাতে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে চারটি অবিস্ফোরিত ককটেল ও তিনটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।
ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, এলাকায় নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে তারা সেখানে একত্র হয়েছিল। স্থানীয়দের সহযোগিতায় পাঁচজন গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে চারটি ককটেল ও তিনটি পেট্রোল বোমা পাওয়া যায়। পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার আসামিদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








