
দিনাজপুরের ঘোড়াঘাটে নিজ বাড়ির দরজার সামনে থেকে রফিকুল ইসলাম রুবেল তালুকদার (৫০) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বাম চোখে আঘাতের চিহ্ন ও গলায় ফাঁসের আলামত পাওয়া গেছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রামের কশিগাড়ি (কাচারি) এলাকায় নিজ বাড়ির দরজার সামনে থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত রুবেল ওই এলাকার মরহুম সাইফুদ্দিন তালুকদারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে স্ত্রী রুবির সাথে রুবেলের বিবাহবিচ্ছেদ হয়। এরপর দুই মেয়েকে নিয়ে রুবি ফুলবাড়ী উপজেলায় বাবার বাড়িতে চলে যান। দীর্ঘ নয় বছর মালয়েশিয়ায় থাকার পর প্রায় দেড় বছর আগে দেশে ফেরেন রুবেল। বিচ্ছেদের পর থেকে তিনি নিজ বাড়িতে একাই বসবাস করতেন। তবে নিয়মিত খাবার খেতেন বড় ভাই সাইদুল ইসলামের বাড়িতে। পাশাপাশি ব্যবসা ও বাড়িতে আঙুরবাগানের পরিচর্যা করতেন তিনি।
মৃতের বড় ভাই সাইদুল ইসলাম জানান, রাতে রুবেল খাবার খেতে না আসায় তাকে কয়েকবার ফোন করেন। কিন্তু ফোনে না পেয়ে তিনি খোঁজ নিতে রুবেলের বাড়িতে যান। সেখানে বাড়ির দরজা খোলা দেখতে পান তিনি। আশপাশে ও আঙুরবাগানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ফেরার পথে বাড়ির অন্য দরজার সামনে রুবেলের লাশ পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা ছুটে আসেন। পরে পুলিশকে খবর দেয়া হয়।
ঘোড়াঘাট থানার ওসি মাহমুদ হাসান জানান, লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
তিনি আরো জানান, এ ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা করা হয়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








