নিরাপদ ও স্মার্ট চট্টগ্রাম গড়তে সম্মিলিতভাবে কাজ করতে হবে
চসিকের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। নয়া দিগন্ত

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ‘চট্টগ্রামকে ক্লিন, স্বাস্থ্যকর, নিরাপদ ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে জনপ্রতিনিধি, প্রশাসন, রাজনৈতিক দল এবং নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। সাবেক মেয়র ও বর্তমান প্রশাসক ডা: শাহাদাত হোসেন দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরবাসীকে সেবা ও স্বস্তি দিতে কাজ করে যাচ্ছেন। তবে তার উন্নয়ন কর্মকাণ্ডের যথাযথ প্রচার হচ্ছে না। শুধু সিটি করপোরেশন নয়, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডও মানুষের সামনে তুলে ধরতে হবে।’   

Advertisement

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র ও বর্তমান প্রশাসক ডা: শাহাদাত হোসেনের দায়িত্ব পালনের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘বিএনপি সরকার গঠনের আগেই ডা. শাহাদাত হোসেন নগরীর উন্নয়নে কাজ শুরু করেছিলেন। প্রধানমন্ত্রীর পরিকল্পনা ও উন্নয়ন ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে তিনি বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করেছেন। রাজনৈতিক, সামাজিক ও পেশাগত জীবনে মানুষের সেবাকে সবসময় অগ্রাধিকার দিয়েছেন তিনি।’

মীর হেলাল বলেন, ‘চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি, সেফ ও স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার লক্ষ্যের সঙ্গে মানবিক চট্টগ্রাম গড়ার কথাও যুক্ত করা যায়। নগরীর বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে মানুষ সমস্যা নিয়ে ডা. শাহাদাত হোসেনের কাছে আসেন। তিনি তাদের কথা শোনেন এবং সাধ্য অনুযায়ী সহযোগিতা করেন। মানুষের পাশে দাঁড়ানোর এ মানসিকতার সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনকল্যাণমূলক চিন্তার মিল রয়েছে।’

হকার উচ্ছেদ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘পথচারীদের জন্য ফুটপাত উন্মুক্ত করতে হবে, তবে একই সাথে হকারদের জীবিকার ব্যবস্থাও ভাবতে হবে। ফুটপাত থেকে সরানোর আগে কোথায় তাদের বিকল্প ব্যবসার সুযোগ দেয়া যায়, তা সংশ্লিষ্ট সংস্থা ও জনপ্রতিনিধিদের সাথে বসে ঠিক করতে হবে। এতে হকারদের জীবিকা রক্ষার পাশাপাশি পথচারী, ব্যবসায়ী ও নগরে কাজে আসা মানুষ উপকৃত হবেন।’

নবায়নযোগ্য জ্বালানি, পাখির অভয়াশ্রম ও বিনোদন পার্ক গড়ে তোলার সম্ভাবনা নিয়ে চসিক প্রশাসকের সাথে আলোচনার কথা জানিয়ে তিনি বলেন, ‘এ প্রস্তাব নিয়ে প্রধানমন্ত্রীর সাথে বিস্তারিত আলোচনা করা হবে। এছাড়া চট্টগ্রামের কয়েকটি বড় জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সাথেও কথা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে নগরের পাশাপাশি চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মানুষ উপকৃত হবেন।’

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চসিক প্রশাসক ডা: শাহাদাত হোসেন বলেন, ‘চট্টগ্রামের উন্নয়নকে সবার অভিন্ন লক্ষ্য হিসেবে নিতে হবে। গত দুই বছরের কার্যক্রম তুলে ধরে স্থানীয় সরকার বিভাগের সিটি গভর্ন্যান্স মূল্যায়নে দেশের সিটি করপোরেশনগুলোর মধ্যে চট্টগ্রাম প্রথম স্থান অর্জন করেছে। নগরবাসীর পক্ষ থেকে তিনি এ স্বীকৃতি গ্রহণ করেছেন। এছাড়া অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বিমানবন্দর সড়কে পৃথক সাইকেল ট্র্যাক উদ্বোধন করেছেন।’

চসিকের আর্থিক অবস্থার উন্নতির চিত্র তুলে ধরে প্রশাসক বলেন, ‘দায়িত্ব নেওয়ার সময় সংস্থার দেনা ছিল প্রায় ৫৯৬ কোটি টাকা। গত দুই বছরে তা কমে প্রায় ৩২৫ কোটি টাকায় দাঁড়িয়েছে। বর্তমানে ব্যাংকে চসিকের প্রায় ২০০ কোটি টাকা জমা রয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে প্রত্যাশিত পাওনা আদায় হলে অবশিষ্ট দেনা পরিশোধ করার পরও চসিকের উদ্বৃত্ত অর্থ থাকবে। পৌরকর আদায়ে চসিক অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে।’ 

চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে চসিকের দুই বছরের কার্যক্রম নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। 

অনুষ্ঠানে অতিথিরা ‘উন্নয়নের অগ্রযাত্রায় চট্টগ্রাম’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম ও আবুল হাসেম বক্কর, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো শওকত আলী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বেলায়েত হোসেন, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা: শেখ ফজলে রাব্বী, পরিচালক (স্থানীয় সরকার) মনোয়ারা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক মো: কামরুজ্জামান, সিভিল সার্জন ডা: মোহাম্মদ সাজেদুর রহমান, বিএমএ চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক ডা: খুরশীদ জামিল চৌধুরী প্রমুখ।