
খাগড়াছড়ির রামগড়ে পরিবারের অনীহার কারণে সীমান্তবর্তী এলাকায় পাওয়া অবসরপ্রাপ্ত বিজিবি সৈনিক অংথৈইপ্রু মারমার (৬৫) লাশের ময়নাতদন্ত হয়নি। লাশ তার ছেলের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় রামগড় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম এসব তথ্য নিশ্চিত করেন।
ওসি মোহাম্মদ নাজির আলম বলেন, নিহত ব্যক্তির পরিবার ও তাদের সমাজের নেতারা থানায় এসে ময়নাতদন্তে অনীহা প্রকাশ করেন। তাদের দাবি, ঘাস কাটতে গিয়ে দুর্ঘটনাবশত পাথরে আঘাত লেগে অংথৈইপ্রু মারা গেছেন।
ওসি বলেন, লাশ হস্তান্তরের আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বিজিবির জোন কমান্ডারসহ সংশ্লিষ্ট সবার সাথে পরামর্শ করা হয়েছে। সবার সম্মতিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নিহত ব্যক্তির ছেলে থৈঅংগ্য মারমা বলেন, ‘আমরা এটাকে নিছকই দুর্ঘটনা মনে করছি। ঘাস কাটতে গিয়ে পাথরে আঘাত লেগে দুর্ঘটনা ঘটে থাকতে পারে। আমরা কাউকে সন্দেহ করছি না। বাবার লাশ কাটাছেঁড়া হোক, সেটা চাই না।’
এর আগে, শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার ফেনীরকুল এলাকায় ভারত সীমান্ত থেকে তার লাশ উদ্ধার করা হয়। তখন পুলিশ জানিয়েছিল, লাশেরর মাথায় আঘাতের চিহ্ন আছে, তবে মৃত্যুর কারণ নিশ্চিত নয়। ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ি সদরে পাঠানোর কথাও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল।
স্বজন ও স্থানীয় লোকজনের ভাষ্য, আগের দিন দুপুরে ঘাস কাটতে গিয়ে বাড়ি না ফেরা অংথৈইপ্রুর লাশ তারা সীমান্তে ভারতীয় অংশে পড়ে থাকতে দেখেন। পরে তারা লাশ বাংলাদেশ অংশে নিয়ে আসেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








