
রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে নতুন ভবন নির্মাণ ও শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ইয়েলো বাসের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু।
শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় রাজশাহী পুলিশ লাইনসের কলেজ প্রাঙ্গণে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু বলেন, ‘বাংলাদেশের শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করছেন এবং কর্মক্ষেত্রেও মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখছেন। তাদের সাফল্য দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একটি বড় ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ইয়েলো বাসের ব্যবস্থারও চেষ্টা করা হবে। এ প্রতিষ্ঠানের সমস্যাকে সবার সমস্যা উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা ও প্রতিষ্ঠানের উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’
ভূমিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত পরিশ্রম করছেন। শিক্ষার্থীরা যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে, সে পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা চলছে। শিক্ষার্থীদের প্রধান দায়িত্ব মনোযোগ দিয়ে পড়াশোনা করা এবং অর্জিত জ্ঞান দেশ, জাতি ও সমাজের কল্যাণে কাজে লাগানো। একই সঙ্গে প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়া, শিক্ষার পরিবেশ বজায় রাখা এবং প্রকৃত শিক্ষা অর্জনে শিক্ষার্থীদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। বক্তব্যের শুরুতে তিনি শহীদ ডিআইজি মামুন মাহমুদসহ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সব শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, ‘শিক্ষা শুধু ভালো ফলাফল অর্জনের মাধ্যম নয়, বরং একজন মানুষকে সৎ, যোগ্য, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার অন্যতম প্রধান হাতিয়ার। শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের হাত ধরেই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। এ শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। এ ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহীকে পরিচ্ছন্ন, সবুজ, সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে কাজ চলছে। নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রয়োজন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ ফয়েজুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশা এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: ইয়াকুব আলী।
অনুষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনিসহ পুলিশ কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








