কিশোরগঞ্জে বসছে ২৫০ এআই ক্যামেরা, ২৪ ঘণ্টা খোলা নিয়ন্ত্রণকক্ষ
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম। নয়া দিগন্ত

কিশোরগঞ্জ শহরের অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীদের শনাক্ত করতে ২৫০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। জেলা পুলিশের উদ্যোগে প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে নেয়া এ প্রকল্পের আওতায় প্রতিটি ক্যামেরায় থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সেন্সর প্রযুক্তি। ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণের জন্য কিশোরগঞ্জ মডেল থানায় স্থাপন করা হয়েছে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ। সেখানে ২৪ ঘণ্টা পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। 

Advertisement

 শনিবার (১৪ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ মডেল থানা প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেন, ‘বর্তমান সরকারের মূল অঙ্গীকার ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দেশের মানুষকে স্বস্তি দেয়া। সমাজে বর্তমানে যে অপরাধপ্রবণতা দেখা যাচ্ছে, তা উত্তরাধিকার সূত্রে পাওয়া। বিগত সময়ে অপরাধীদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেয়া ও উৎসাহিত করা হতো। জনপ্রতিনিধিদেরও তাদের সাথে সম্পৃক্ততা ছিল।’

প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এসব বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স। মাদক, ছিনতাই, কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ নির্মূলে সরকার বদ্ধপরিকর।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম বলেন, 'শহরকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার উদ্যোগ প্রশংসনীয়। এর মাধ্যমে অপরাধীদের শনাক্ত করা সম্ভব হবে। অপরাধীদের শনাক্ত করা গেলে ধীরে ধীরে অপরাধের মাত্রাও কমে আসবে।'

জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান বলেন, ‘শহরে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হলে অপরাধীদের মধ্যে ভীতি তৈরি হবে।’ নদীর পাড়ের সড়কগুলোতেও ক্যামেরা স্থাপনের অনুরোধ জানান তিনি। সম্প্রতি এক মেয়েকে ছিনতাইকারীরা মারধর করে গুরুতর আহত করেছে বলেও তিনি উল্লেখ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগের চেয়ে বেশি তৎপর রয়েছে জানিয়ে এ উদ্যোগ নেয়ায় পুলিশ সুপারকে ধন্যবাদ জানান তিনি।

জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, ‘সিসিটিভি ক্যামেরা স্থাপন প্রযুক্তিনির্ভর, জনবান্ধব ও জবাবদিহিমূলক পুলিশিং ব্যবস্থা গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে চুরি, ছিনতাই ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করা সম্ভব হবে।' সবাই একসঙ্গে কাজ করলে সুন্দর কিশোরগঞ্জ গড়ে তোলা সম্ভব।’

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘শহরের সব সড়ক ও বাসাবাড়ি পর্যায়ক্রমে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। এ জন্য থানায় সার্ভার রুম স্থাপন করা হয়েছে। কিশোর গ্যাং, ছিনতাই, চুরি, চাঁদাবাজি, দোকানে হামলা ও হুমকির মতো অপরাধ নিয়ন্ত্রণে এ ব্যবস্থা ভূমিকা রাখবে। ক্যামেরার মাধ্যমে ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হবে। সিসিটিভি ক্যামেরা স্থাপনে অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি মানুষের আচরণেও পরিবর্তন আসবে আমরা আশা করছি।’

অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যের আগে জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহীদুল্লাহ্ কায়সার বলেন, ‘কিশোরগঞ্জে চুরি-ছিনতাইয়ের ঘটনা অনেক বেড়েছে। প্রতিটি আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব বিষয় নিয়ে আলোচনা হলেও অপরাধ নিয়ন্ত্রণে আসেনি। সিসিটিভি ক্যামেরা স্থাপনের এ উদ্যোগ যুগান্তকারী। এর মাধ্যমে শহরের চুরি-ছিনতাই নিয়ন্ত্রণে আসবে বলে আমি আশা করি।’

জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন বলেন, ‘প্রতিদিনই চুরির ঘটনা ঘটছে কিছুদিন আগে আমার বাসার সামনে থেকে এক সাংবাদিকের মোটরসাইকেল চুরি হয়েছে। কিশোরগঞ্জ পৌরসভায় বসবাস করার মতো অবস্থা নেই। এ অবস্থা থেকে নিস্তার চাই।’

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞার পরিচালনায় অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইশতিয়াক ইমন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরীফুল হকসহ প্রশাসনসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা আরও উপস্থিত ছিলেন।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, প্রকল্পের আওতায় স্থাপিত এসব ক্যামেরার মাধ্যমে মানুষের মুখ শনাক্ত করার পাশাপাশি রাতেও স্পষ্ট ছবি ধারণ করা যাবে। ইতোমধ্যে ৭৫টি ক্যামেরা স্থাপন করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমস্থলে পর্যায়ক্রমে ক্যামেরা বসানো হবে। ভবিষ্যতে শহরের বাসাবাড়িও এ নজরদারির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

জেলা পুলিশ জানায়, কোনো চুরি, ছিনতাই বা হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে আশপাশের ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা সহজ হবে। তাদের চলাচলের পথ এবং ঘটনার আগের পরিস্থিতি সম্পর্কেও তথ্য পাওয়া যাবে। পাশাপাশি অপরাধের আগাম সংকেত শনাক্ত করতেও এ প্রযুক্তি সহায়ক হবে।

সিসিটিভি ক্যামেরা স্থাপন কার্যক্রম উদ্বোধনের পর প্রতিমন্ত্রী শরীফুল আলম ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে নিম গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এর আগে, প্রতিমন্ত্রী সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের কার্যালয়ে সৌর বিদ্যুৎ চালুর প্রকল্প উদ্বোধন করেন। অনুষ্ঠানটি হয় জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে।

একই সময় প্রণোদনা কর্মসূচির আওতায় জেলার কৃষকদের মাঝে সরিষা, চিনাবাদাম ও মুগ ডাল ফসলের বীজ বিতরণ করেন।