
বরিশালের গৌরনদীতে মাদকাসক্ত ছেলের ভয়ে নিজ বাড়ি ছেড়ে স্ত্রীসহ পালিয়ে বেড়াচ্ছেন বীর মুক্তিযোদ্ধা জালাল আহমেদ। এ ঘটনায় তিনি বরিশালের আদালতে অভিযুক্ত ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
শনিবার (১৪ নভেম্বর) উপজেলার নলচিড়া ইউনিয়নের কান্ডপাশা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ভুক্তভোগী জালাল আহমেদ এ প্রতিবেদককে এসব তথ্য জানান।
এর আগে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) তিনি বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযুক্ত ছেলের মামলা দায়ের করেছেন।
ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধার জালাল আহমেদ উপজেলার নলচিড়া ইউনিয়নের কান্ডপাশা গ্রামের মরহুম তোফায়েল আহমেদ হাওলাদারের ছেলে। তিনি একজন সাবেক ব্যাংক কর্মকর্তা। অন্য দিকে, অভিযুক্ত ছেলের নাম কাইয়ুম হাওলাদার খোকন (৫০)।
ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধার জালাল আহমেদ জানান, একাত্তরের রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের ভয়ে পাক হানাদার বাহিনী আতঙ্কিত থাকত, অথচ আজ নিজের নেশাগ্রস্ত ও জুয়াড়ি ছেলের হামলা এবং ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনার পর থেকে গত ১০ দিন ধরে প্রাণভয়ে এলাকা ছেড়ে স্ত্রীসহ পালিয়ে বেড়াচ্ছেন।
মামলার এজাহারে বীর মুক্তিযোদ্ধা জালাল আহমেদ উল্লেখ করেন, তার ছেলে কাইয়ুম হাওলাদার খোকন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং জুয়ায় আসক্ত। কোনো কাজকর্ম না করে সারাদিন বখাটেপনা করে বেড়ায়। নেশা ও জুয়ার টাকা জোগাড় করতে সে প্রায়ই পুকুরের মাছ, গাছ ও বাড়ির মূল্যবান আসবাবপত্র বিক্রি করে দেয়। এতে বাধা দিলেই সে বাবা-মায়ের ওপর চড়াও হয় এবং মারধর করে।
এজাহারে বলা হয়, গত ৩ নভেম্বর নেশার জন্য টাকা চাইলে জালাল আহমেদ টাকা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে খোকন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করতে উদ্যত হয়। একপর্যায়ে ওই দিন রাতে সে বাবা-মাকে ঘরের ভেতরে আটকে রেখে বাড়ির বেড়ায় আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করলে প্রাণে রক্ষা পান ওই দম্পতি।
এ ঘটনার ধারাবাহিকতায় গত ৮ নভেম্বর দুপুর ১টার দিকে খোকন আবারো ঘরে ঢুকে জোরপূর্বক ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় জালাল আহমেদের স্ত্রী আকলিমা বেগম বাধা দিলে খোকন তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে আহত করে এবং বসতঘর ভাঙচুর করে চলে যায়।
বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে বীর মুক্তিযোদ্ধা জালাল আহমেদ বলেন, ‘নেশাগ্রস্ত ছেলের ভয়ে প্রাণ বাঁচাতে আমি স্ত্রীকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছি। নিজের ভিটেমাটিতে থাকতে পারছি না। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার ও আমাদের জীবনের নিরাপত্তা কামনা করছি।’
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তারিখ হাসান রাসেল জানান, আদালত থেকে মামলার কপি এখনো থানায় পৌঁছেনি। মামলার কপি পেলে, আদালতের নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








