
সাতক্ষীরায় চলন্ত মোটরসাইকেলে ভিডিও ধারণ করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা লেগে মোস্তাকিম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এক যুবক।
শনিবার (১৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলার আশাশুনি উপজেলার চম্পাফুল-পারুলিয়া সড়কের বালিয়াপুর তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেলচালক যুবক মো: মোস্তাকিম সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের দেবনগর গ্রামের মো: মোমিন আলী সরদারের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে আশাশুনি থানার উপ-পরিদর্শক শুভ জানান, সাতক্ষীরা থেকে দুই যুবক মোটরসাইকেলে এই এলাকায় ঘুরতে আসছিল। তারা চম্পাফুল-পারুলিয়া সড়ক দিয়ে মোটরসাইকেলে দ্রুত গতিতে যাচ্ছিল। এ সময় চালক মোস্তাকিম মোবাইলে ভিডিও ধারণ করছিল।
দুপুর সাড়ে ১২টার দিকে ওই সড়কের বালিয়াপুর তালতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে মোটরসাইকেলটি রাস্তার পাশে গাছের গায়ে ধাক্কা লেগে উল্টে যায়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে চালক মোস্তাকিম ঘটনাস্থলেই মারা যায়।
এ ঘটনায় গুরুতর আহত হয় অপর আরোহী। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তাৎক্ষণিকভাবে আহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে একজন পুলিশ অফিসার রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








