
হিমাগারে আলুর স্তূপ, অথচ ক্রেতা নেই। কমতে কমতে কেজিপ্রতি দাম নেমেছে ১১ থেকে ১২ টাকায়। কিন্তু শুধু হিমাগারে সংরক্ষণ করতেই খরচ হয়েছে নয় টাকার বেশি। উৎপাদন ও সংরক্ষণ মিলিয়ে কৃষক ও ব্যবসায়ীদের ব্যয় পড়েছে ২০ টাকারও বেশি। ফলে আলু বিক্রি করলেও কেজিপ্রতি বড় অঙ্কের লোকসান গুণতে হচ্ছে চাষিদের।
লোকসান মেনে বিক্রি করতে চাইলেও মিলছে না ক্রেতা। এ অবস্থায় কুড়িগ্রাম সদর ও রাজারহাট উপজেলার ছয়টি হিমাগারে বিপুল পরিমাণ আলু অবিক্রিত পড়ে থাকার শঙ্কা দেখা দিয়েছে।
চলতি মৌসুমে আলুর উৎপাদন বেশি হওয়ায় শুরু থেকেই বাজারে দরপতনের চাপ ছিল। এর সাথে যোগ হয়েছে খালি বস্তার সঙ্কট ও বাড়তি দাম এবং হিমাগারের ভাড়া বৃদ্ধি।
দাম বাড়ার আশায় অনেক কৃষক ও ব্যবসায়ী আলু বিক্রি না করে হিমাগারে রাখেন। কিন্তু প্রত্যাশিতভাবে দাম বাড়েনি; বরং ক্রমেই কমেছে। এখন ঋণ, বস্তা ও হিমাগার ভাড়ার দায় মেটাতে গিয়ে অনেক কৃষককে উল্টো নিজের পকেট থেকে টাকা দিতে হচ্ছে।
হিমাগারে আলু সংরক্ষণকারী কৃষক আব্দুল্লাহ বলেন, আলুতে লাভের আশায় হিমাগারে রেখেছিলাম। এখন ১১-১২ টাকা কেজিতে বিক্রি করলে উৎপাদন খরচই উঠবে না। হিমাগার ভাড়া ও অন্যান্য খরচ যোগ করে লোকসান আরো বাড়ছে।
স্থানীয় বাসিন্দা সেকেন্দার আলী বলেন, এখানে আলুর উৎপাদন বেশি। একসাথে বিপুল পরিমাণ আলু ওঠায় বাজারে দাম পড়ে গেছে। হিমাগারে রাখা আলুও এখন দ্রুত বিক্রি করার চাপ তৈরি হয়েছে। কিন্তু সেই অনুপাতে ক্রেতা নেই।
রোকন মিয়া বলেন, কৃষক আলু উৎপাদন করতে ঋণ করেছেন, পরে হিমাগারে রাখতেও খরচ হয়েছে। এখন কম দামে বিক্রি করলে ঋণের টাকা পরিশোধ করাই কঠিন হবে। দ্রুত বাজারদর না বাড়লে অনেক কৃষক বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন।
বাবর কোল্ড স্টোরেজ লিমিটেডের ব্যবস্থাপক শরিফ আল মাসুদ জানান, চলতি বছর তাদের হিমাগারে ১১ হাজার মেট্রিক টন আলু সংরক্ষণ করা হয়েছিল। এর মধ্যে ছয় হাজার মেট্রিক টন বিক্রি হয়েছে। এখনো পাঁচ হাজার মেট্রিক টন অবিক্রিত রয়েছে। এর মধ্যে প্রায় এক হাজার মেট্রিক টন বীজ আলু। বাকি আলু আগামী দুই মাসের মধ্যে বিক্রি করা সম্ভব হবে কি-না, তা নিয়ে শঙ্কা রয়েছে।
রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায় বলেন, এ অঞ্চলের মাটি ও আবহাওয়া আলু উৎপাদনের জন্য অনুকূল। উৎপাদন খরচও তুলনামূলক কম হওয়ায় কৃষকরা ব্যাপকভাবে আলু চাষ করেন। একই সময়ে বেশি উৎপাদন হওয়ায় বাজারে সরবরাহ বেড়ে দাম কমে যায়। বর্তমানে হিমাগারে থাকা আলুর সঠিক ব্যবস্থাপনা করা গেলে বাজারদর বাড়তে পারে। এতে কৃষকদের ভোগান্তি কমবে এবং হিমাগারে থাকা আলু নষ্ট হওয়ার আশঙ্কাও থাকবে না।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








