
হবিগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সদস্য সচিব মাহদী হাসানের হবিগঞ্জ শহরের ভাদৈ গ্রামের বাড়িতে বোমা হামালার অভিযোগ করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। মাহদী হাসান ফেসবুক লাইভে এসে এ অভিযোগ করেন।
হবিগঞ্জ সদর থানার ডিউটি অফিসার জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এব্যাপারে মাহদী হাসানের পক্ষ থেকে আজ শনিবার বিকেল পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।
মাহদী হাসান সাংবাদিকদের জানান, তারা ঘুমিয়ে ছিলেন, হঠাৎ করে তাদের বাড়ির টিনের চালে পরপর দুটি ঢিল ছুড়ার শব্দ পান, মুহূর্তে আগুন ধরে যায়। তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো: জাহিদুল হকের দাবি, ‘মাহদী হাসানের বাড়িতে কোনো বোমা নিক্ষেপের ঘটনা ঘটেনি। মাহদী হাসানের চাচার বাসায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে বিদ্যুতের মিটারে আগুন লাগে। সেটা দেখেই মাহদী হাসান ফেসবুক লাইভে এসে নিজের বাড়িতে বোমা হামলার নাটক করেছে।’
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শনিবার বিকেলে জানান, মাহদী হাসানের বাড়িতে আগুন লাগার কোনো সংবাদ তারা পাননি। তাদের কোনো টিম আগুন নিয়ন্ত্রণেও যায়নি।
এব্যাপারে মাহদী হাসানের মোবাইল ফোনে শনিবার বিকেল ৩টার দিকে কল করা হলে তিনি রিসিভ করেননি।
উল্লেখ্য, ‘আমরা কিন্তু পুলিশকে পুড়িয়ে মেরেছি’ বলে আলোচনায় মাহদী হাসানের উপর কিছুদিন আগে হবিগঞ্জে হামলা করা হয়। ভারতে গিয়ে নাজেহাল হয়ে একবার দেশে ফেরত আসতে বাধ্য হন মাহদী হাসান। কয়েকমাস আগে ইউরোপের একটি দেশে যাওয়ার চেষ্টা করলে মাহদী হাসানকে ঢাকা বিমানবন্দর থেকে বোর্ডিং পাস না দিয়ে ফিরিয়ে দেয়া হয়। মাহদী হাসানকে জল, স্থল, আকাশ পথে বাংলাদেশ ত্যাগ না করার বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। হবিগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: শাফিউল্লাহ একটি মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদেশকে চ্যালেঞ্জ করে হবিগঞ্জের দায়রা জজ আদালতে রিভিশন মামলা দায়ের করেন মাহদী হাসান। বর্তমানে রিভিশন মামলাটি শুনানির জন্য অপেক্ষমান রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








