পুরিশের অভিযানে গ্রেফতার পাঁচজন
পুরিশের অভিযানে গ্রেফতার পাঁচজন। নয়া দিগন্ত

দিনাজপুরের হিলিতে পুলিশের হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা মোশারফ হোসেনসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার অন্য চারজনের মধ্যে তিনজন ছাত্রলীগ ও যুবলীগের সাথে জড়িত এবং একজন ওয়ারেন্টভুক্ত আসামি।

Advertisement

গত শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল থেকে শনিবার ভোর পর্যন্ত হিলি ও জয়পুরহাটের পাঁচবিবি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের দিনাজপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশাহ আলম জানান, বৃহস্পতিবার রাতে হিলির দক্ষিণ বাসুদেবপুর এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা মোশারফ হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তাকে থানায় নিয়ে আসার সময় কৌশলে থানার গেট থেকে পুলিশের হাতকড়াসহ পালিয়ে যান তিনি। তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্যরা তার পিছু নিলেও তাকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরো জানান, পরবর্তীতে শুক্রবার বিকেলে জয়পুরহাটের পাঁচবিবি এলাকায় অভিযান চালিয়ে তাকে পুনরায় গ্রেফতার করা হয়। এছাড়া ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতির সাথে জড়িত আরো তিনজনকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামিকেও গ্রেফতার করা হয়।

শনিবার দুপুরে গ্রেফতার পাঁচজনকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।