
গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবিতে ডাকা সিলেট অভিমুখে লংমার্চ স্থগিত করেছে ১১ দলীয় জোট।
শনিবার (১৪ নভেম্বর) নয়া দিগন্তকে লংমার্চ স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন ১১ দলীয় ঐক্যের প্রধান সমন্বয়কারী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
গত ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখে প্রথম লংমার্চ কর্মসূচি পালন করে ১১ দলীয় ঐক্যজোট। এরপর ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে ও ৩১ অক্টোবর খুলনা বিভাগ অভিমুখে সফলভাবে লংমার্চ কর্মসূচি পালন করে ১১ দলীয় ঐক্য।
সবশেষ দাবি আদায়ে ২১ নভেম্বর সিলেট অভিমুখী লংমার্চ কর্মসূচি পালনের ঘোষণা দেয় ১১ দলীয় জোট। তবে চতুর্থ লংমার্চ শুরুর সপ্তাহখানেক আগেই সেই কর্মসূচি স্থগিত করার ঘোষণা দেয়া হলো আজ।
কর্মসূচি স্থগিতের বিষয়ে ১১ দলীয় ঐক্যের প্রধান সমন্বয়কারী হামিদুর রহমান আযাদ বলেন, ‘২১ তারিখকে সামনে রেখে আমরা আপাতত প্রস্তুতি নিচ্ছি না, এটুকু বলা যায়। বাকি সিদ্ধান্ত শীর্ষ বৈঠকে যা হবে, সে অনুযায়ী আপনাদের জানাতে পারব।’
কর্মসূচি স্থগিতের কারণ ব্যাখ্যা করে ১১ দলীয় ঐক্যের প্রধান সমন্বয়কারী বলেন, ‘দেশের বিদ্যমান সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করে পরবর্তী কর্মসূচি ও সামগ্রিকভাবে আন্দোলনের কর্মকৌশল নির্ধারণের বিষয়ে একটি সিদ্ধান্ত নেয়া হবে। তবে সেই বৈঠকটি এখনো অনুষ্ঠিত হয়নি। খুব শিগগিরই আমরা বৈঠকে মিলিত হবো।’
স্থগিত লংমার্চ কর্মসূচির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত আলোচনা করে ঠিক করা হবে বলেও জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, ‘আমরা নতুন কর্মসূচি আবার ঢেলে সাজাব। সবকিছু মিলিয়ে শীর্ষ বৈঠকেই এ বিষয়ে সিদ্ধান্ত নির্ধারণ করা হবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








