
সড়কের দুই পাশে সবুজের সমারোহ। এরই মাঝে সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটে আছে সারি সারি লাল শাপলা। দূর থেকে দেখলে মনে হয়, সবুজের বুকে বিছিয়ে দেয়া হয়েছে লাল রঙের চাদর। এমন মনোমুগ্ধকর দৃশ্যের দেখা মিলছে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নবাবগঞ্জ-বিরামপুর সড়কের ছোট মহেশপুর গ্রামের পাশে।
সড়কের পাশের নয়নজলিতে ফুটে থাকা লাল শাপলার সৌন্দর্য নজর কাড়ছে পথচারীদের। ব্যস্ত পথের ধারে এমন প্রাকৃতিক সৌন্দর্য দেখে অনেকেই থমকে দাঁড়ান। কেউ কিছুক্ষণ দাঁড়িয়ে উপভোগ করেন, কেউ আবার মুঠোফোনে ধারণ করেন মনোমুগ্ধকর দৃশ্য।
স্থানীয় কয়েকজন যুবক জানায়, প্রায় তিন বছর আগে অবসর সময়ে বিশ্রাম নেয়ার জন্য গ্রামের কয়েকজন যুবক মিলে নয়নজলির পানির ওপর বাঁশ দিয়ে একটি বসার মাচা তৈরি করেন। পরে জায়গাটির সৌন্দর্য বাড়াতে সেখানে শাপলা ফুলের চারা রোপণ করেন। পাশাপাশি শুরু করেন নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ। তাদের সেই ছোট্ট উদ্যোগই ধীরে ধীরে রূপ নেয় লাল শাপলার সৌন্দর্যময় এক জলাশয়ে।
তারা জানান, বর্ষাকালে বৃষ্টির পানিতে নয়নজলি পূর্ণ থাকে। আর শুষ্ক মৌসুমে ইরি-বোরো ধানের জমিতে সেচ দেয়ার পানি এসে জমা হয় এখানে। ফলে বছরের বেশির ভাগ সময় পানির উপস্থিতি থাকায় সারা বছরই ফুটে থাকে লাল শাপলা।
পথচারী সবুজ ইসলাম বলেন, ‘পথের পাশে এমন শাপলার সমারোহ সচরাচর চোখে পড়ে না। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ফুলের সৌন্দর্য উপভোগ করলে মনটা প্রশান্তিতে ভরে যায়। গ্রামের যুবকদের এমন ব্যতিক্রমী উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার।’
স্থানীয় যুবকদের ছোট্ট উদ্যোগে সড়কের পাশের একটি সাধারণ নয়নজলি এখন পথচারীদের প্রশান্তির ঠিকানা হয়ে উঠেছে। প্রকৃতির সৌন্দর্য রক্ষায় সম্মিলিত উদ্যোগ যে কতটা ইতিবাচক পরিবর্তন আনতে পারে, তারই যেন এক অনন্য উদাহরণ ছোট মহেশপুরের এই লাল শাপলার জলাশয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








