
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে কিশোর চালক সিহাব রানাকে (১৬) হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জয়নগর মীরপাড়া এলাকার একটি অটোগ্যারেজে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া সেলের মুখপাত্র সাবিনা ইয়াসমিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার চারজন হলেন— গোদাগাড়ী উপজেলার লস্করহাটী গ্রামের ইব্রাহিম আলীর ছেলে হাবিবুল বাসার শিমুল ও তার স্ত্রী জোহুরা বেগম, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জয়নগর মীরপাড়া গ্রামের মরহুম রমজান আলী বিশ্বাসের ছেলে সুজন ও বাগানপাড়া গ্রামের মতিউর রহমানের ছেলে আবদুল হালিম।
পুলিশ জানায়, গত ২৭ অক্টোবর বিকেলে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় সিহাব রানা। ওইদিন রাত আনুমানিক ৮টার দিকে হাবিবুল বাসার শিমুল ২০০ টাকা ভাড়ায় তাকে গোদাগাড়ীর দিগ্রাম যাওয়ার কথা বলে অটোরিকশায় ওঠে।
পূর্বপরিকল্পনা অনুযায়ী, গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের কলিপুর গ্রামে গোদাগাড়ী-আমনুরা সড়কের পাশে পৌঁছালে শিমুল পেছন থেকে লোহার হাতুড়ি দিয়ে সিহাবের মাথায় পরপর দু’টি আঘাত করেন। এতে সিহাবের মৃত্যু হলে লাশ রাস্তার পাশের ধানক্ষেতে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যান তিনি।
এদিকে, সিহাব বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কোনো সন্ধান না পেয়ে ২৮ অক্টোবর তার বাবা সোহেল রানা গোদাগাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ৩১ অক্টোবর সকাল ৮টার দিকে কলিপুর গ্রামের গোদাগাড়ী-আমনুরা সড়কের পাশের একটি ধানক্ষেত থেকে সিহাবের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের বাবা ১ নভেম্বর গোদাগাড়ী মডেল থানায় হত্যা, চুরি ও আলামত নষ্টের অভিযোগে মামলা করেন। মামলায় দণ্ডবিধির ৩০২/৩৭৯/২০১/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানায়, রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি) মো: মামুন অর রশিদের সার্বিক দিকনির্দেশনায় গোদাগাড়ী মডেল থানা পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া সেলের মুখপাত্র সাবিনা ইয়াসমিন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








