বক্তব্য রাখছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ
বক্তব্য রাখছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেছেন, ‘আগামীর বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাংলাদেশ। জনগণের প্রত্যাশা পূরণে ও জুলাই শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে মৌলভীবাজারের প্রতি ইঞ্চি মাটি ইসলামের দুর্জয় ঘাঁটিতে পরিণত করতে হবে। এক্ষেত্রে রুকনদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’

Advertisement

তিনি বলেন, ‘জামায়াতকে নিয়ে মানুষের প্রত্যাশা বেড়েছে। মানুষ মনে করে বর্তমানে দেশে চাঁদাবাজ, দখলদার ও দুর্নীতিবাজদের নতুন সংস্করণ আমদানি হয়েছে। তাদেরকে দিয়ে দেশ ও জাতির কোনো পরিবর্তন হবে না।’

শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে মৌলভীবাজার জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে মৌলভীবাজার জেলা জামায়াতের আয়োজনে দিনব্যাপী সদস্য শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইসলামের মৌলিক বিষয়ের জ্ঞান অর্জনের প্রতি গুরুত্ব দিয়ে হামিদুর রহমান আজাদ বলেন, ‘রুকনদের ব্যাপক জ্ঞান অর্জন করতে হবে। ইসলাম ও কুফরের মধ্যে পার্থক্য জানার জন্য প্রচুর জ্ঞান অর্জন করা জরুরি। জ্ঞান অর্জনের পাশাপাশি উন্নত আমল অর্জন করতে হবে। কথা ও কাজের গরমিল থাকলে তা পরিহার করে রুকনদের ভারসাম্য বজায় রাখতে হবে।’

তিনি বলেন, ‘আল্লাহর দ্বীন ও ইবাদতের জন্য পেরেশানি থাকতে হবে। নিজের পরিবর্তনের জন্য আত্মশুদ্ধি অর্জন করতে হবে। জামায়াতের কাজ হলো অসৎ নেতৃত্বের পরিবর্তন করে সৎ নেতৃত্বের বিকাশ ঘটানো। পরিবর্তন নিজের মধ্য থেকে শুরু করতে হবে। উন্নত ব্যবহারের মাধ্যমে মানুষের হৃদয় জয় করতে পারলে ময়দান জয় করা যাবে, ইনশাল্লাহ।’

রুকনদের উদ্দেশে তিনি আরো বলেন, ‘সবকিছু হারানোর পরও আল্লাহর দ্বীনকে প্রাধান্য দিতে হবে।’

রুকন পদ কোনো সামাজিক মর্যাদা নয় উল্লেখ করে হামিদুর রহমান আজাদ বলেন, ‘আপনারা আল্লাহর সন্তুষ্টির জন্য যে শপথ নিয়েছেন সেই আলোকে মাঠে কাজ করতে হবে। আমাদেরকে সেক্রিফাইসের মন-মানসিকতা নিয়ে কাজ করতে হবে। রুকনিয়াতের দায়িত্ব অনুভূতি নিয়ে কাজ করতে হবে। রুকনদের মাঠে-ময়দানে কাজের গতি আরো বাড়াতে হবে। শপথের আলোকে আন্দোলনের কাজকে আরো এগিয়ে নিতে হবে।’

মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি মো: ইয়ামীর আলীর পরিচালনায় দিনব্যাপী সদস্য শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মো: ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, সিলেট অঞ্চল টিম সদস্য হাফেজ আব্দুল হাই হারুন, মৌলভীবাজার জেলার নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি মো: আলাউদ্দিন শাহ, মাওলানা হারুনুর রশিদ তালুকদার, আজিজ আহমদ কিবরিয়া প্রমুখ।