সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে আটকা পড়া নারী
সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে আটকা পড়া নারী। নয়া দিগন্ত

জামালপুরের দেওয়ানগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে চার দিন ধরে আটকা পড়ে আছে অসহায় এক নারী। তার আনুমানিক বয়স ৩০ বছর।

Advertisement

উপজেলার পাথরের চর সীমান্তের ১০৭৬ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের কাছে অবস্থান করছেন ওই নারী। তাকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গত ১০ নভেম্বর বাংলাদেশে পুশইন করানোর অপচেষ্টা করে। পরে ওই পুশইনে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এলাকাবাসী।

বিগত চার দিন ধরে দু’ দেশের মধ্যবর্তী নো ম্যান্স ল্যান্ডে আটকা পড়ে থাকা নারীকে সীমান্তবর্তী বাংলাদেশীরা রুটি, পানির বোতল, শুকনো খাবারসহ অন্যান্য খাদ্যদ্রব্য ছুড়ে দিচ্ছে বলে জানা যায়।

স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, জঙ্গলাকীর্ণ স্থানে কয়েক দিন ধরে আটকা পড়ে থাকা ওই নারীর খাওয়া-দাওয়া, ঘুম ও থাকার কোনো ব্যবস্থা নেই। এ অবস্থায় তিনি চরম উদ্বেগ ও আতঙ্কের মধ্যে রয়েছেন। এছাড়া ডেঙ্গুসহ নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। একইসাথে বিষাক্ত সাপের কামড়ের ঝুঁকিও উড়িয়ে দেয়া যাচ্ছে না।

দেওয়ানগঞ্জের সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন স্থানে বিষাক্ত সাপের কামড়ের ঘটনা ঘটছে বলে জানা গেছে। ইতোমধ্যে সাপের কামড়ে বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি মৃত্যুর খবরও পাওয়া গেছে।

পাথরের চর এলাকার বাসিন্দারা জানান, গত ১০ নভেম্বর সকালে আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারীকে ভারতের লুকায়ের চর বিএসএফ ক্যাম্পের সদস্যরা বাংলাদেশে পুশইন করার চেষ্টা করেন। এ সময় বিজিবি ও স্থানীয় এলাকাবাসী এতে বাধা দেন।

জামালপুর ৩৫ বিজিবির সহকারী পরিচালক মো: ইমাম হোসেন সাংবাদিকদের জানান, গত ১০ নভেম্বর বিএসএফ ওই নারীকে বাংলাদেশে ঠেলে দেয়ার চেষ্টা করলে বিজিবি ও স্থানীয় লোকজন তাতে বাধা প্রদান করেন।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনোয়ার হোসেন নয়া দিগন্তকে জানান, আজ শুক্রবার পর্যন্ত দুই দেশের মধ্যবর্তী নো ম্যান্স ল্যান্ডে আটকা পড়া ওই নারী সেখানেই অবস্থান করছেন।