
মাদারীপুরের শিবচরে দুই বছর বয়সী নাতিকে নিশ্চিত দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়ে বেপরোয়া গতির ট্রাক্টরের ধাক্কায় শাহজাহান খন্দকার (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার পাঁচ্চর বাজারের স্বর্ণপট্টিগামী পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে নাতি প্রাণে বাঁচলেও নিহত হন দাদা।
নিহত শাহজাহান খন্দকার শিবচরের পাঁচ্চর ইউনিয়নের ছোট বাহাদুরপুর গ্রামের বাসিন্দা।
পারিবারির সূত্রে জানা যায়, শুক্রবার সকালে দুই বছর বয়সী নাতিকে সাথে নিয়ে পাঁচ্চর বাজারে কেনাকাটা করতে যান শাহজাহান খন্দকার। কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে তাদের দিকে বেপরোয়া গতিতে ছুটে আসে একটি ট্রাক্টর। এ সময় ট্রাক্টরের ধাক্কা থেকে নাতিকে রক্ষা করতে দ্রুত তাকে সরিয়ে দেন তিনি। তবে নিজে ট্রাক্টরের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। দুর্ঘটনার পর ট্রাক্টরটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওই সময়ের কর্তব্যরত চিকিৎসক ডা: জামিল খান বলেন, শাহজাহান খন্দকারকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল।
দুর্ঘটনায় শিশুটির মাথা ও পিঠের কিছু অংশ জখম গেলেও বড় ধরনের কোনো আঘাত লাগেনি বলে জানা গেছে। নাতিকে নিশ্চিত দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়ে দাদার এমন মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। খবর পেয়ে থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের বাড়িতে গিয়ে ঘটনার বিস্তারিত তথ্য জানার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








