
সিরাজগঞ্জে ২৮৫ বোতল নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন রাখার দায়ে মো: রানা (২৭) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে, আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক লায়লা শারমীন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত রানা সিরাজগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ দুই নম্বর গলির আব্দুল লতিফ মোল্লার ছেলে।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট শামসুজ্জোহা শাহানশাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, মাদক মামলার রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০২১ সালের ২১ আগস্ট তৎকালীন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১২) সদস্যরা সিরাজগঞ্জ শহরে মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় খবর আসে, রহমতগঞ্জের শরিফ মোল্লার বাড়ির সামনে মাদকদ্রব্যের কারবার চলছে। খবর পেয়ে, র্যার সদস্যরা সেখানে উপস্থিত হলে, আসমি রানা দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়। তার শরীর তল্লাশি করে পলিথিনে মোড়ানো ২৮৫ বোতল নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাবের ডিএডি মানিক মিয়া অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্য-প্রমাণ শেষে বৃহস্পতিবার আদালত আসামি রানাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








