
ক্যাম্পাস জীবনের শুরু থেকেই নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সৎ ও আদর্শবান সঙ্গ বেছে নেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) কক্সবাজার সরকারি কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কলেজ শাখার উদ্যোগে আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভালো সঙ্গ ও নৈতিক মূল্যবোধের গুরুত্ব
শিক্ষার্থীদের জীবন গঠনে ভালো সঙ্গের প্রভাব তুলে ধরে সিবগাতুল্লাহ সিবগা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর হাদিসে বর্ণিত আতর বিক্রেতার উদাহরণ টানেন। তিনি বলেন, ‘আতর বিক্রেতার পাশে বসলে আপনি আতর না কিনলেও তার সুঘ্রাণ পাবেন। ঠিক তেমনি সৎ ও আদর্শবান বন্ধুদের সাথে থাকলে জীবনও সুবাসিত ও সুন্দর হয়ে ওঠে। তাই ক্যাম্পাস জীবনের শুরু থেকেই নিজেদের ভবিষ্যৎ গড়তে ভালো সঙ্গ বেছে নিতে হবে।’
পাশাপাশি তিনি শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ না থেকে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীলতার সমন্বয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।
ছাত্র সংসদ নির্বাচন ও নিরাপদ ক্যাম্পাস প্রসঙ্গ
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো: সাদিক কায়েম।
তিনি বলেন, দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন হওয়া প্রয়োজন। ক্যাম্পাসের নেতৃত্ব কার হাতে থাকবে, তা শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটেই নির্ধারিত হওয়া উচিত। নির্বাচনে জয়-পরাজয়ের চেয়ে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও নেতৃত্ব চর্চার সুযোগ তৈরি হওয়াই বেশি গুরুত্বপূর্ণ।
নিজেদের ক্যাম্পাস অভিজ্ঞতা ও কক্সবাজার সরকারি কলেজের অতীত ছাত্র সংসদ নির্বাচনের প্রসঙ্গ তুলে সাদিক কায়েম বলেন, ‘আমরা সিট দখল করতে দিইনি, বরং শিক্ষার্থীদের কল্যাণে নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে কাজ করেছি এবং সামনেও তা অব্যাহত থাকবে।’
তিনি উল্লেখ করেন, এ কলেজে এর আগে চারবার ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং প্রতিবারই ছাত্রশিবির-সমর্থিত প্যানেল বিজয়ী হয়েছিল।

অতিথিদের বক্তব্য ও অনুষ্ঠানের আয়োজন
কক্সবাজার সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি জসিম উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, জেলা ছাত্রশিবিরের সভাপতি মীর মোহাম্মদ আবু তালহা এবং কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র ও ককসুর সাবেক ভিপি মো. সরওয়ার কামাল।
পবিত্র কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া এই আয়োজনে নবাগত শিক্ষার্থীদের ফুল ও উপহারসামগ্রী দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা অ্যাকাডেমিক সাফল্যের পাশাপাশি আধুনিক দক্ষতা অর্জন, মাদকমুক্ত ক্যাম্পাস বিনির্মাণ এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজকদের পক্ষ থেকে নবাগত শিক্ষার্থীদের যেকোনো একাডেমিক প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








