
সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেছেন, ‘কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা রনজিত চন্দ্র সরকার সিলেট সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন, এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।’
তিনি বলেন, ‘রনজিত চন্দ্র সরকার আগে থেকেই দেশে ছিলেন, নাকি অন্য কোনো সীমান্ত দিয়ে প্রবেশ করেছেন, তা তদন্ত শেষ হওয়ার আগে বলা সম্ভব নয়।’
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকারের রাতারগুলে প্রকাশ্যে রাজনৈতিক সভায় অংশ নেয়ার ঘটনায় তার দেশে প্রবেশের পথ নিয়ে আলোচনা চলছে। এদিকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানোর পাশাপাশি সার্চলাইট ও থার্মাল ড্রোন ব্যবহারের উদ্যোগ নিয়েছে বিজিবি।
রোববার (৮ নভেম্বর) রাতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলের একটি রিসোর্টে সভা করেন আত্মগোপনে থাকা রনজিত চন্দ্র সরকার। তার দাবি, ভারতের মেঘালয় হয়ে বাংলাদেশে প্রবেশ করে তিনি ওই সভায় যোগ দেন। এতে তার নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর) আসনের আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেন।
বৃহস্পতিবার কোম্পানীগঞ্জের সাদাপাথর সীমান্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের ৪৮ বিজিবি অধিনায়ক বলেন, ‘সিলেটে সভা করেছেন বলেই যে তিনি সিলেট সীমান্ত দিয়ে প্রবেশ করেছেন, তা নয়। বাংলাদেশ-ভারত সীমান্ত প্রায় চার হাজার ১০০ কিলোমিটার দীর্ঘ। তিনি কোন পথে এসেছেন, তা পুলিশি তদন্তে বেরিয়ে আসবে বলে আশা করছি।’
সীমান্তে নাশকতা প্রতিরোধে বিজিবি প্রস্তুত রয়েছে জানিয়ে অধিনায়ক বলেন, ‘গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করা হচ্ছে।’
এদিকে আজ বৃহস্পতিবার বিজিবির পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে দিন-রাত বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। রাতের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ পয়েন্টে সার্চলাইট স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি দুর্গম এলাকায় সন্দেহজনক গতিবিধি শনাক্ত করতে থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
কোনো পলাতক বা ফেরারি আসামি অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হবে বলেও জানিয়েছে বিজিবি। এ কাজে স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকদের সহযোগিতা চাওয়া হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








