সুবর্ণচরে বিদ্যুতের খুঁটির সাথে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৩
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল, ইনসেটে নিহত তিন যুবক। নয়া দিগন্ত

নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন যুবক নিহত হয়েছেন। 

Advertisement

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার কাঞ্চন বাজার-চর হাসান ভূঁইয়ারহাট সড়কের বড় ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত হয়েছে, উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের বেড়িবাঁধ এলাকার আদর্শ গ্রামের মো. আবু তাহেরের ছেলে মো: শাহাদাত হোসেন (১৯), হাজী গ্রামের শিউলী একরাম বাজার এলাকার মো: কামালের ছেলে মো: আব্দুল করিম (১৭) ও একই ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে মো: শামিম (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল করিম তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে কাঞ্চন বাজার থেকে লক্ষ্মীপুরের আলেকজান্ডারের দিকে যাচ্ছিলেন। পথে, একটি নির্মাণাধীন সেতু থেকে নামার সময় সড়কে ছড়িয়ে থাকা বালুর ওপর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তিন আরোহী গুরুতর আহত হন।

পরে, স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহাদাত হোসেন ও আব্দুল করিমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শামিমকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রফিকুল হাসান তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থল সংলগ্ন হাসপাতালে নেয়ার পর দুজন এবং নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পর আরেকজন মারা যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।