
গাজীপুরে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি কার্যকর ও বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নয় পোশাক কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ এবং দুই কারাখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে প্রথমে কালিয়াকৈর উপজেলার মৌচাক ও তেলিরচালা এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন।
পরে, লেবেন্ডা ও এপেক্স কারখানার শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষ।
খবর পেয়ে পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন। পরে যানচলাচল স্বাভাবিক হতে শুরু করে। তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মৌচাক, পল্লী বিদ্যুৎ ও কাশিমপুর এলাকার কয়েকটি কারখানায় বৃহস্পতিবারের জন্য ছুটি ঘোষণা করা হয়।
বন্ধ ঘোষণ করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এটিএস অ্যাপারেল, লগোজ ফ্যাশন, বে ফুটওয়্যার ও পূর্বাণী গ্রুপের কারখানার নাম জানা গেছে। এ ছাড়া মহানগরীর কোনাবাড়ী এলাকায় এমএম নিটওয়্যার লিমিটেড ও মামুন নিটওয়্যার লিমিটেড নামে দুটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
এদিকে কোনাবাড়ী এলাকায় এমএম নিটওয়্যার লিমিটেড ও মামুন নিটওয়্যার লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কারখানা দুটির প্রধান ফটকে এ-সংক্রান্ত নোটিশ টাঙানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গত ১০ নভেম্বর থেকে শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করছেন। তাঁদের কাজে ফেরার অনুরোধ জানানো হলেও শ্রমিকেরা কাজে যোগ দেননি। এ ছাড়া শ্রমিকদের একাংশ কারখানায় ভাঙচুর করে চলে গেছেন বলে নোটিশে দাবি করা হয়েছে। এ অবস্থায় কারখানার সম্পদ ও জানমালের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য কারখানা দুটি বন্ধ ঘোষণা করা হয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভের কারণে গাজীপুরের বিভিন্ন এলাকায় ৯টি কারখানা বৃহস্পতিবারের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া কোনাবাড়ী এলাকায় দুটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো: সোহেল রানা জানান, বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত বিভিন্ন এলাকায় শ্রমিক অসন্তোষ ছিল। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান ও তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। কিছু কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। কালিয়াকৈরে এটিএস অ্যাপারেল, লগোজ ফ্যাশন, বে ফুটওয়্যার ও পূর্বাণী গ্রুপসহ কয়েকটি কারখানায় শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছে। সার্বিক পরিস্থিতি প্রশাসনের নজরদারিতে রয়েছে।
তিনি জানান, শ্রমিক অসন্তোষের কারণে শিল্পাঞ্চলের কয়েকটি কারখানার উৎপাদন কার্যক্রম ব্যাহত হলেও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে মজুরি ও বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকদের অসন্তোষের বিষয়টি বিবেচনায় নিয়ে শিল্পাঞ্চলে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








