দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল, (ডানে) টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল, (ডানে) টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ। নয়া দিগন্ত

নীলফামারীর সৈয়দপুরে বাসের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার সাথে থাকা স্কুলছাত্রী মেয়ে গুরুতর আহত হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের ওয়াপদা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে স্থানীয়রা তাৎক্ষণিক সড়ক অবরোধ করেন। এই খবর লেখা পর্যন্ত (বিকেল ৫টা) লাশ নিয়ে ঘটনাস্থলে অবরোধ করছেন স্থানীয়রা। ফলে দীর্ঘ প্রায় তিন ঘণ্টা ধরে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে উভয় পাশে শত শত গাড়ি আটকে পড়েছে। এর মধ্যে রংপুর ও দিনাজপুরগামী গাড়িগুলো সৈয়দপুর শহরের ভেতর দিয়ে যাওয়ায় পুরো শহরে যানজটের সৃষ্টি হয়েছে।

নিহত ব্যক্তির নাম আরিফুল ইসলাম আরিফ (৪০)। তিনি ওয়াপদা নতুনহাট দোলাপাড়ার মুকুল হোসেনের ছেলে এবং ঢেলাপীর বাজারের একজন সার ব্যবসায়ী। আর আহত স্কুলছাত্রী সুপ্তমনি (১০) নিহত আরিফের মেয়ে। সে পঞ্চম শ্রেণির ছাত্রী।

প্রাথমিকভাবে জানা গেছে, আরিফ মোটরসাইকেলে তার মেয়েকে নিয়ে স্কুল থেকে আসছিলেন। পথে ওয়াপদা মোড় এলাকায় তার স্ত্রী অপেক্ষায় ছিলেন। তাকেসহ বাড়ি ফেরার কথা ছিল আরিফের। কিন্তু ওয়াপদা মোড় গোলচত্বর পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে আরিফ সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহতের স্ত্রী রুমা শহরের গোলাহাট নতুন কুঁড়ি বিদ্যা নিকেতনের সহকারী শিক্ষিকা। তার চোখের সামনেই এই ঘটনা ঘটেছে। তিনি জানান, রংপুর থেকে ছেড়ে আসা গেটলক মিনিবাস সৌদিয়া ইন্টারপ্রাইজ সড়কে দাঁড়িয়ে থাকা একটা বিআরটিসি বাসকে ওভারটেক করে রং সাইড দিয়ে দিনাজপুর যাওয়ার পথে মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

বাড়ি থেকে মাত্র ৫০০ গজ দূরে এসেই দুর্ঘটনাটায় পড়ে নিহত ও আহত হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকাবাসী সড়ক অবরোধ করে এবং টায়ারে আগুন জ্বালিয়ে দেয়।

পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু বিকেল ৫টা পর্যন্ত অবরোধ চলমান রয়েছে। ফলে রংপুর-দিনাজপুর ও সৈয়দপুর-নীলফামারী মহাসড়কে চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।