
সিলেট-ঢাকা মহাসড়কে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকে ডাক বিভাগের কাভার্ড ভ্যানের ধাক্কায় ডাক বিভাগের দুই কর্মচারীসহ তিনজন নিহত হয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া কাউছারনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন— মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর গ্রামের মরহুম খয়রুদ্দিনের ছেলে ও ডাকবিভাগের কাভার্ড ভ্যানের চালক জসিম (৪০), মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাকজোড় গ্রামের মাইনুদ্দিন মিয়ার ছেলে ও ডাক কর্মচারী মো: মজনু মিয়া (৫৪) ও মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সুরাবি গ্রামের সন্তুোষ শব্দাকরের ছেলে মো: রিপন মিয়া (২৩)।
হাইওয়ে পুলিশ জানায়, রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাউছারনগর এলাকায় ঢাকা অভিমুখী একটি পাথরবোঝাই ট্রাক বিকল হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। রাত ৩টার দিকে একইদিক থেকে আসা বাংলাদেশ ডাক বিভাগের ডাক ও পার্সেলবাহী একটি মাঝারি আকারের কাভার্ড ভ্যান ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানে থাকা চালকসহ তিনজন গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনিসুল হক জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








