
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন হাটবাজারে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করে পাকানো কলা দেদারসে বিক্রি হচ্ছে। চলতি মৌসুমে পাকা কলার চাহিদা বাড়ায় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ও আড়তদার অতিরিক্ত মুনাফার লোভে দ্রুত কলা পাকাতে রাসায়নিক পদার্থ ব্যবহার করছেন। বাইরে থেকে আকর্ষণীয় হলুদ দেখালেও ভেতরে কাঁচা ও শক্ত থেকে যাওয়া এসব কলা খেয়ে শিশু, বৃদ্ধসহ সাধারণ ক্রেতারা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত নজরদারি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
এক দিনেই কলা পাকাতে চলছে রাসায়নিকের ব্যবহার
উপজেলার বিভিন্ন হাটবাজার ও কলার আড়ত সরেজমিনে ঘুরে দেখা যায়, অপরিপক্ব কাঁচা কলা দ্রুত পাকাতে রাসায়নিক পদার্থ ব্যবহার করা হচ্ছে। আড়তগুলোতে কলার কাঁদি সাজিয়ে বিশেষ ধরনের রাসায়নিক স্প্রে বা মিশ্রণ প্রয়োগ করা হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক কলা ব্যবসায়ী জানান, বাগান থেকে কাঁচা কলা সংগ্রহের পর দ্রুত বাজারে বিক্রির উপযোগী করতে রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। এতে মাত্র এক দিনের মধ্যেই কলার ছাল হলুদ ও নরম হয়ে যায়।
এক আড়তদারের কর্মচারীর ভাষ্য, রাসায়নিক ব্যবহার না করলে কলা স্বাভাবিকভাবে পাকতে সময় লাগে। কিন্তু রাসায়নিক প্রয়োগ করলে এক দিনেই আকর্ষণীয় রং ধারণ করে, যা সহজে বিক্রি করা যায়।
বাইরে চকচকে হলুদ, ভেতরে কাঁচা ও শক্ত
বাস্তবে দেখা গেছে, রাসায়নিক প্রয়োগে পাকানো এসব কলার বাইরের অংশ আকর্ষণীয় হলুদ হলেও ভেতরের অংশ কাঁচা ও শক্ত থেকে যায়।
উপজেলার প্রধান প্রধান বাজার, ফুটপাত, স্কুল-কলেজের সামনের দোকান এবং ভ্যানগাড়িতে করে গ্রামে গ্রামে বাসাবাড়ির সামনে এসব কলা বিক্রি করা হচ্ছে। আকর্ষণীয় রং ও বাহ্যিক সৌন্দর্যে প্রলুব্ধ হয়ে ক্রেতারা না জেনেই এসব বিষাক্ত কলা কিনে প্রতারিত হচ্ছেন।
লিভার ও কিডনি বিকলের ঝুঁকি: চিকিৎসকদের উদ্বেগ
কেমিক্যালযুক্ত ফল বিক্রি ও গ্রহণের বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা। ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ মোহাম্মদ হাসিবুর রেজা বলেন, ‘বিষাক্ত কেমিক্যাল ও দাহ্য পদার্থযুক্ত ফলমূল গ্রহণ স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এটি খাওয়ার পরপরই বমি ভাব, পেটের পীড়া ও ডায়রিয়া হতে পারে।’
তিনি আরো জানান, রাসায়নিক মিশ্রিত খাদ্য গ্রহণের ক্ষতিকর প্রভাব সরাসরি লিভার ও কিডনির ওপর পড়তে পারে। খাদ্য হজম ও বিপাক প্রক্রিয়ায় শরীরের এসব সংবেদনশীল অঙ্গ জটিলতায় পড়ে। দীর্ঘমেয়াদে রাসায়নিকযুক্ত খাদ্য গ্রহণের ফলে কিডনি বিকল হওয়ার ঝুঁকি বাড়তে পারে।
বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের দাবি
অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য রুখতে স্থানীয় সচেতন মহল উপজেলার বিভিন্ন কলার আড়ত ও বাজারে অবিলম্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম বলেন, ‘আমি অচিরেই বাজার মনিটরিং করে যারা কেমিক্যাল দিয়ে কলা পাকায়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








