
লক্ষ্মীপুরের রায়পুরে একটি পরিত্যক্ত বাড়ির পেছনে মাটির নিচে পুঁতে রাখা দুটি টিনের কৌটা থেকে ১১টি বোমা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের সিকদার বাড়ি থেকে বোমাগুলো উদ্ধার করে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।
পুলিশ জানায়, উপজেলার খাসেরহাট বাজারে ককটেল বিস্ফোরণ ও তিনজনকে ছুরিকাঘাতের ঘটনায় সাইফুল ইসলাম সুজন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সিকদার বাড়িতে তার ভাড়া নেয়া ঘরে অভিযান চালানো হয়।
রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘ওই ঘরের পেছনে মাটির নিচে দুটি টিনের কৌটা পাওয়া যায়। পরে পুলিশকে খবর দেয়া হলে কৌটা খুলে ভেতরে টেপ দিয়ে মোড়ানো বোমাসদৃশ বস্তু দেখা যায়। কৌটাগুলোতে বোমা থাকতে পারে, এমন সন্দেহে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেয়া হয়। এ সময় ঘটনাস্থলে পুলিশি পাহারা বসানো হয়। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে ছোট-বড় মোট ১১টি বোমা উদ্ধার করেন।
জানা গেছে, ওই ঘর থেকে আগেও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছিল।
ওসি নিজাম উদ্দিন আরো বলেন, ‘বোমাগুলো কারা রেখেছে এবং কী উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।’
স্থানীয় বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার ও সন্দেহজনক কোনো বস্তু দেখতে পেলে স্পর্শ না করে পুলিশকে জানানোর অনুরোধ জানান তিনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








