
বিদ্যমান সঙ্কট নিরসন করে অনতিবিলম্বে সবক্ষেত্রে পার্বত্য অঞ্চলের সব নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার দাবি জানিয়ে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের কাছে ১৬ দফা দাবিসহ সুপারিশ পেশ করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ জেলা শাখার নেতারা।
সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রামের ভূমি ব্যবস্থাপনা, ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বাতিল, ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন পুনর্গঠনসহ শিক্ষা, চাকরি ও ব্যবসার ক্ষেত্রে পাহাড়ি-বাঙালি সব সম্প্রদায়ের জন্য সমান অধিকার ও বৈষম্যহীন নীতি প্রতিষ্ঠার বিষয়ে সংগঠনের দাবিসমূহ তুলে ধরা হয়।
এ সময় ভূমি ব্যবস্থাপনায় সংস্কার, সকল নাগরিকের সমান সুযোগ নিশ্চিতকরণ, জেলা ও আঞ্চলিক পরিষদে জনসংখ্যার অনুপাতে প্রতিনিধিত্ব এবং পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন করা হয়।
পিসিএনপির খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো: আব্দুল মজিদ বলেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। পার্বত্য চট্টগ্রামসহ সর্বত্র নাগরিকদের মৌলিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি অধিকারবঞ্চিত মানুষের ন্যায্য দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ প্রয়োজন।
এ সময় তিনি সাজেকে চলমান সঙ্কট নিরসনে পার্বত্য অঞ্চলের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ ও জেএসএস উভয় সংগঠনকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
পার্বত্য এলাকায় বসবাসরত সব নাগরিকের সাংবিধানিক অধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিতসহ বিভিন্ন বিষয়ে সংগঠনের অবস্থান তুলে ধরে পিসিএনপির দাবি ও সুপারিশসমূহের প্রচারপত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন যুব পরিষদের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, পিসিএনপির দীঘিনালা সভাপতি মো: জাহিদুল ইসলাম, পিসিসিপির খাগড়াছড়ি সভাপতি মুজাহিদুল ইসলাম, পিসিএনপির জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য রবিউল হোসেনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








