দাগনভূঞায় বিএনপির সংঘর্ষ, ফেনীতে বিএনপির দুই পক্ষ, দাগনভূঞা বিএনপি, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, দাগনভূঞায় আহত ১২ জন, কাজী পলাশ, আকবর হোসেন, দাগনভূঞা উপজেলা বিএনপি
দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ। সংগৃহীত

ফেনীর দাগনভূঞা পৌরশহরের পুরাতন থানা রোডে বিএনপির দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

Advertisement

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় এ সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। পরে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির আহবায়ক মো: আকবর হোসেনের সমর্থকরা পুরাতন থানা রোডের একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় বহিষ্কৃত ছাত্রদল নেতা কাজী জামশেদুর রহমান ফটিকের বড় ভাই কাজী পলাশের নেতৃত্বে একটি দল সেখানে গেলে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

আহতদের মধ্যে রয়েছেন ইমাম হোসেন মিলটন, সোহেল রানা, কাজী পলাশ, মোস্তফা হাসান, মাহমুদ আরমান, ইস্রাফিল, ইব্রাহিম, এমদাদুল হক শাহীন, আরিফুল ইসলাম, রিয়াদ, মোজাম্মেল হক মাসুদ, তোফায়েল, জায়েদুল ইসলাম ও কামরুল হাসান।

উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আশরাফুল হাসান জাবেদ জানান, ‘তারা চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় কাজী পলাশ এসে মাসুদকে তুলে নিয়ে যেতে চান। এ নিয়ে বাগ্বিতণ্ডা শুরু হলে একপর্যায়ে কাজী পলাশ ও তার লোকজন তাদের ওপর অতর্কিত হামলা চালান। এতে তাদের কয়েকজন আহত হন।’

অন্যদিকে কাজী ফটিক জানান, ‘দাগনভূঞাকে অশান্ত করার লক্ষ্যে তারা এ ঘটনা ঘটিয়েছেন। তার ভাই পলাশ ঘটনার খবর পেয়ে পরিস্থিতি শান্ত করতে গেলে তাকে ইট দিয়ে আঘাত করা হয়। এতে তার বুকে ও গালে আঘাত লাগে।’

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুল আজীম নোমান জানান, ‘দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে থমথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়।’

দীর্ঘদিন ধরে দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এ নিয়ে এর আগেও কয়েকবার হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।