মরিচ, চাষ, সার, ক্ষতি, বৃষ্টি, সবজি, চারা, কৃষক
বৃষ্টিতে মরিচ গাছ নুয়ে পড়েছে। নয়া দিগন্ত

জামালপুরের মাদারগঞ্জে বৃষ্টি ও ঝোড়ো বাতাসে মরিচসহ বিভিন্ন সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাত্র এক দিনের বৃষ্টিতে উপজেলার গুনারীতলা ইউনিয়নের চর গোপালপুর এলাকায় প্রায় ২০ বিঘা জমির মরিচ চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় মরিচ ও অন্য সবজির জমিতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। অন্যদিকে বাজারে মরিচের দাম কমে প্রতি কেজি মাত্র ১৫ টাকায় নেমে আসায় উৎপাদন খরচ তুলতে না পেরে হতাশায় পড়েছেন কৃষকরা।

Advertisement

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, বৃষ্টি ও ঝোড়ো বাতাসে মরিচ গাছ নুয়ে পড়েছে। কোথাও গাছ ভেঙে গেছে, আবার কোথাও ফুল ও কাঁচা মরিচ ঝরে পড়েছে। জমিতে পানি জমে থাকায় গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে। এতে ফলন কমে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, মাদারগঞ্জ উপজেলায় ১০ হেক্টর জমির মরিচসহ বিভিন্ন সবজির ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত জমির ফসল রক্ষা এবং কৃষকদের লোকসান কমাতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, মরিচ চাষে জমি প্রস্তুত, চারা, সার, কীটনাশক ও শ্রমিকের পেছনে বিপুল অর্থ ব্যয় করতে হয়। কিন্তু বৃষ্টি ও ঝোড়ো বাতাসে ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় এখন উৎপাদন খরচ তুলতে না পারার আশঙ্কায় রয়েছেন তারা।

চর গোপালপুর এলাকার কৃষক মোতালেব জানান, মরিচ চাষে অনেক টাকা বিনিয়োগ করেছেন। কিন্তু বৃষ্টি ও বাতাসে ফসলের ক্ষতি হওয়ায় এখন দুশ্চিন্তায় রয়েছেন তিনি। এ অবস্থায় উৎপাদন খরচ তুলে লাভ করা কঠিন হয়ে পড়েছে।

আরেক কৃষক লিমন বলেন, মরিচের বাজারদর বর্তমানে প্রতি কেজি মাত্র ১৫ টাকা। এমনিতেই দাম কম, তার ওপর বৃষ্টি ও বাতাসে ফসলের ক্ষতি হয়েছে। এ অবস্থায় মরিচ চাষ করে উৎপাদন খরচ তোলাই কঠিন হয়ে পড়েছে।

মাদারগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ‘ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করা হচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করা হচ্ছে। তাদের প্রয়োজনীয় কৃষি পরামর্শ দেয়া হবে।’