
আজ ১২ নভেম্বর। ১৯৭০ সালের এই দিনে সংঘটিত প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল ভোলার চরফ্যাশনসহ দেশের দক্ষিণ উপকূল। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় হিসেবে পরিচিত এই দুর্যোগের ৫৬তম বার্ষিকী আজ।
সেদিন বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ২২২ কিলোমিটার বেগে আঘাত হানে। একই সময় ১০ দশমিক ৬ মিটার উঁচু জলোচ্ছ্বাস আছড়ে পড়ে উপকূলীয় জনপদে। ভাটার সময় এই আঘাত আসায় ক্ষয়ক্ষতির মাত্রা আরো বেড়ে যায়।
ওই ঘূর্ণিঝড়ে সারাদেশে আনুমানিক সাড়ে পাঁচ লাখ মানুষের মৃত্যু হয়। এর মধ্যে শুধু ভোলা জেলাতেই প্রাণ হারান প্রায় এক লাখ ৪০ হাজার মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল চরফ্যাশন ও তজুমদ্দিন উপজেলা। এই দুই উপজেলায় প্রায় ৪৬ শতাংশ মানুষ মারা গিয়েছিল।
এছাড়া প্রায় চার লাখ ঘরবাড়ি, সাড়ে তিন হাজার শিক্ষাপ্রতিষ্ঠান, ৩০ হাজার নৌকা, ১০ লাখ গবাদিপশু এবং ৫০ লাখ মেট্রিক টন ফসল নষ্ট হয়েছিল।
চরফ্যাশনের সবচেয়ে দক্ষিণের দ্বীপ ঢালচর ছিল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার একটি। পানি দ্রুত বাড়তে থাকায় শত শত মানুষ দ্বীপের একমাত্র দোতলা পাকা ভবনে আশ্রয় নেন। যারা সেখানে পৌঁছাতে পারেননি, তারা ঢেউয়ে ভেসে যান। অনেক পরিবার সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যায়।
৫৬ বছর পেরিয়ে গেলেও চরফ্যাশনের প্রবীণদের মনে আজও সেই রাতের স্মৃতি জীবন্ত। তাদের মতে, কোনো আগাম সতর্কবার্তা বা নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা না থাকায় সেদিন এতো বড় প্রাণহানি ঘটেছিল।
স্থানীয় বাসিন্দারা বলেন, বর্তমানে বেড়িবাঁধ ও আশ্রয়কেন্দ্র নির্মাণ হলেও এখনো অনেক এলাকা ঝুঁকিতে রয়েছে। জোয়ারের পানি বেড়িবাঁধ উপচে নিচু এলাকা প্লাবিত হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








