
উভয় কিডনী বিকল হয়ে বিছানায় নাটোরের সাংবাদিক ইসাহাক আলী। জাতীয় পরিচয়পত্রে (এনআইডি কার্ড) মা-বাবার নাম সংশোধন করতে না পারায় চিকিৎসকের পরামর্শ মোতাবেক দেশের বাইরে চিকিৎসা নিতে যেতে পারছেন না তিনি। পাশাপাশি একই সমস্যার কারণে অর্থের যোগানের জন্য পৈত্রিক জমিও বিক্রি করতে পারছেন না। এ অবস্থায় তার চিকিৎসা প্রায় বন্ধ হওয়ার পথে।
জানা গেছে, তিনি দিগন্ত টেলিভিশনের নাটোর প্রতিনিধি ছিলেন। বর্তমানে নাটোর প্রেসক্লাবের জুনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্বরত বৈশাখী টেলিভিশন ও মানবজমিনের নাটোর জেলা প্রতিনিধি ইসাহাক আলী উভয় কিডনি বিকল হওয়া ও স্ট্রোকজনিত জটিলতায় আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
নিজের ফেসবুক পেজে ও ফেসবুক লাইভে নিজের অসহায়ত্বের কথা তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মানবিক বিবেচনায় সমস্যার দ্রুত সমাধান চেয়েছেন সাংবাদিক ইসাহাক আলী।
সারাজীবন অন্যের দুঃখ-কষ্ট নিয়ে লেখালেখি করা সাংবাদিক ইসাহাক জানান, দীর্ঘদিন কিডনি রোগে ভুগছেন তিনি।
গত তিন বছর ধরে রয়েছে স্ট্রোকজনিত জটিলতা। বর্তমানে তার ক্রিয়েটিনিনের মাত্রা ১০-এর কাছাকাছি যা অত্যন্ত সঙ্কটাপন্ন। দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়ার পাশাপাশি বার বার আইসিইউতে চিকিৎসা নিতে হয়েছে তাকে। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এমন সময়ে জাতীয় পরিচয়পত্র সংশোধনের জটিলতা তার উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।
জানা গেছে, ইসাহাকের জন্মের পর থেকে নিঃসন্তান বড় চাচা আলতাফ হোসেন ও চাচি সালেহা বেগমের কাছে বড় হয়েছেন তিনি। তাদেরকেই নিজের মা-বাবা হিসেবে জেনে এসেছেন। পরে জানতে পারেন, তার জন্মদাতা বাবা সুলতান মাহমুদ এবং মা কমেলা বেগম। তার জন্মনিবন্ধন, শিক্ষাগত সনদ ও এনআইডিতে রয়েছে পালিত মা-বাবার নাম।
অন্যদিকে জমিজমার দলিলে রয়েছে জন্মদাতা বাবার নাম। এই ভিন্নতার কারণে সম্পত্তিসংক্রান্ত কাজসহ বিভিন্ন দাফতরিক কার্যক্রমে সমস্যায় পড়ছেন তিনি। সমাধানের জন্য জন্মনিবন্ধন সংশোধন ও প্রয়োজনীয় এফিডেভিট করেছেন তিনি।
ইতোমধ্যে নলডাঙ্গা উপজেলা ও নাটোর জেলা নির্বাচন কর্মকর্তারা সরেজমিনে তদন্ত করে তার পারিবারিক পরিচয় সম্পর্কে তথ্য সংগ্রহ করে সঠিক প্রতিবেদন জমা দিয়েছেন। এরপরও এনআইডি সংশোধনের জটিলতা কাটেনি।
গত রোববার নির্বাচন কমিশন তাকে ১৫ দিনের মধ্যে এসএসসি ও এইচএসসি সনদের নাম সংশোধন করে জমা দিতে এক ক্ষুদে বার্তা পাঠিয়েছেন বলে জানান তিনি। তার পরিবার ও সাংবাদিকদের পক্ষ থেকে বার বার দায়িত্বপ্রাপ্ত রাজশাহী বিভাগীয় কর্মকর্তার সাথে যোগাযোগ করলেও তিনি নিয়মের বেড়াজালে সনদ সংশোধন ছাড়া আইডি সংশোধনে রাজি হননি।
অপরদিকে এনআইডি ছাড়া শিক্ষা সনদ প্রাপ্তিতে সৃষ্টি হয়েছে জটিলতা। এ সব বিষয়ে কান্না জড়িত কণ্ঠে ইসাহাক জানান, সনদ সংশোধনে তার আপত্তি নেই। কিন্তু শিক্ষা বোর্ডের নির্ধারিত প্রক্রিয়া শেষ করে এতো অল্প সময়ে সংশোধিত সনদ হাতে পাওয়া সম্ভব নয়। এছাড়া তার শারীরিক জটিলতা দিন দিন তীব্র হচ্ছে।
তিনি জানান, তার পালিত বাবা বর্তমানে শয্যাশায়ী। জন্মদাতা বাবাও পক্ষাঘাতগ্রস্ত। তিনি নিজেও অ্যাম্বুলেন্স ছাড়া চলাচল করতে পারেন না। এমন পরিস্থিতিতে তিনি বলেন, ‘অসুস্থতা বিবেচনায় নিয়ে তদন্ত প্রতিবেদন ও দাখিল করা নথিপত্রের ভিত্তিতে দ্রুত এনআইডি সংশোধনের জটিলতা নিরসন করা হোক।’
সংশোধিত সনদ হাতে পাওয়ার আগ পর্যন্ত চিকিৎসার প্রয়োজনে পাসপোর্টসহ প্রয়োজনীয় দাফতরিক কাজ সম্পন্ন করার আইনসম্মত বিকল্প ব্যবস্থা বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান তিনি।
এদিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ ও রেকর্ডস) মো: মঞ্জুর রহমান খান বলেন, ‘শিক্ষা সনদে মা-বাবার নাম সংশোধন করা সময় সাপেক্ষ ব্যাপার। ১৫ দিনে তা সম্ভব নয়।’
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত রাজশাহীর অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন অফিসার মো: জিয়াউর রহমান বলেন, ‘শিক্ষা সনদ সংশোধন করে আবেদন করতে হবে।’
তবে ১৫ দিনের মধ্যে সনদ সংশোধন করা সম্ভব নয় বলে জানালে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








