
সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার সময় একটি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি ও দেশীয় অস্ত্রসহ দুইজন ভারতীয় খাসিয়া নাগরিককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ডের সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
বুধবার (১১ নভেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন বাতিম তুতা (২৮) এবং টেম্পো (২০)। উভয়েই ভারতের খাসিয়া সম্প্রদায়ের নাগরিক।
সূত্র জানায়, সীমান্ত পিলার ১২৮২/১০-এস এবং ১২৮২/৯-এস এর মধ্যবর্তী স্থান দিয়ে তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। ঘটনার সময় ওই এলাকায় টহলরত বিজিবির একটি বিশেষ দল দেখতে পায় যে উক্ত খাসিয়া নাগরিকরা শূন্য লাইন অতিক্রম করে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আনারস বাগান নামক স্থানে প্রবেশ করেছেন। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে একটি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, দুটি দা এবং দুটি ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।
বিজিবি জানায়, অবৈধভাবে শূন্য লাইন অতিক্রম করে অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশের দায়ে আটককৃত খাসিয়া নাগরিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক তাদেরকে সিলেটের জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে ৪৮ বিজিবি অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং অবৈধ অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা সর্বদা অব্যাহত রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








