
সিলেটে শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করে আট ব্যক্তি ও যানবাহনকে মোট চার হাজার ৫০০ টাকা জরিমানা এবং ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ করেছে পরিবেশ অধিদফতর।
বুধবার ( ১১ নভেম্বর) পরিবেশ অধিদফতরের সিলেট জেলা কার্যালয়ের উদ্যোগে সিলেট সদর উপজেলার মুরাদপুর এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ৬(ক) ধারা এবং শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬-এর বিধি ৬(২) অনুযায়ী এ জরিমানা আদায় ও হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
অভিযানে পরিবেশ অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সিনিয়র টেকনিশিয়ান আল মামুন প্রসিকিউশন প্রদান করেন।
মোবাইল কোর্ট পরিচালনায় পুলিশ সদস্য এবং পরিবেশ অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।
পরিবেশ অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো: আবুল কালাম আজাদ জানান, শব্দদূষণকারী ও অবৈধ উচ্চ শব্দযুক্ত হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি, পর্যায়ক্রমে বায়ুদূষণ, পাহাড়-টিলা কাটা, অবৈধ ইটভাটা পরিচালনা এবং নিষিদ্ধ পলিথিনের ব্যবহার ও বিপণন বন্ধে নিয়মিত মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








