
যশোর সদর উপজেলার মুনসেফপুরে জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে শেখ আবু তালেব (৭০) নামে এক বিএনপি নেতাকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শফিয়ার শেখকে আটক করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার মুনসেফপুর পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত শেখ আবু তালেব মুনসেফপুর গ্রামের মরহুম শেখ মোতালেবের ছেলে। তিনি কচুয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমান কমিটির সদস্য ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একই এলাকার মৃত আব্দুল আজিজ শেখের ছেলে শফিয়ার শেখ ধারালো হাসুয়া দিয়ে আবু তালেবকে কুপিয়ে গুরুতর আহত করেন। ঘটনার পর অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যান। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রায় ১৫ বছর আগে শফিয়ার শেখের জমির পাশে একটি জমি কেনেন আবু তালেবের পরিবারের সদস্যরা। ওই জমিটি শফিয়ারও কিনতে চেয়েছিলেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তাঁরা দূরসম্পর্কের আত্মীয় বলেও স্থানীয়ভাবে জানা গেছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত শফিয়ার শেখকে আটক করা হয়। এ ঘটনায় তদন্ত চলছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








