
সুন্দরবন ভ্রমণে পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বড় পদক্ষেপ নিয়েছে বন বিভাগ। সাতক্ষীরা রেঞ্জ থেকে কাঠের ট্রলারে সুন্দরবন ভ্রমণের ওপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সম্প্রতি গত ৮ ও ৯ নভেম্বর বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
নিষেধাজ্ঞার ফলে স্থানীয় ট্রলার মালিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে এ বিষয়ে পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ট্রলার মালিক সমিতির ক্ষোভ ও প্রতিক্রিয়া
মুন্সিগঞ্জ ট্রলার মালিক সমিতির ক্যাশিয়ার মো: জাহাঙ্গীর আলম জানান, ‘প্রায় ৩৫ বছর ধরে মুন্সিগঞ্জ থেকে পর্যটকরা সুন্দরবন ভ্রমণ করছেন কিন্তু এমন ঘটনা আগে ঘটেনি। এটি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে আমরা সমিতির মালিক ও শ্রমিকরা মিলে আলোচনা করে বিভাগীয় বন কর্মকর্তার (ডিএফও) সাথে দেখা করব।’
বন বিভাগ ও বিশেষজ্ঞদের বক্তব্য
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শাহীনুর ইসলাম জানান, ‘সুন্দরবনের পর্যটন ব্যবস্থাপনায় নিরাপত্তার বিষয়টিকে যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, তা অত্যন্ত স্পষ্ট করে তুলেছে। পর্যটকদের জীবন রক্ষা এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে এই কঠোর সিদ্ধান্ত নেয়া হলেও এর সাথে জড়িত স্থানীয় ট্রলার মালিক, মাঝি ও পেশাজীবীদের জীবিকা ও ব্যবসার বিষয়টিও সমানভাবে জরুরি।’
সুন্দরবন অঞ্চলের পরিবেশকর্মী পরিতোষ কুমার বৈদ্য জানান, ‘সড়কপথে সুন্দরবন ভ্রমণে সাতক্ষীরার পশ্চিম সুন্দরবনের গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে। মুন্সিগঞ্জ, বুড়িগোয়ালিনী ও কদমতলা—যে পথেই ভ্রমণ করা হোক না কেন, ট্রলার ছাড়ার পর থেকেই শুরু হয় প্রকৃতির অপরূপ সৌন্দর্য। দুই পাশে সারি সারি গরান, গেওয়া, কেওড়া ও সুন্দরী গাছের সবুজ দেয়াল এবং মাঝ দিয়ে বয়ে চলা খোলপেটুয়া, কালিন্দী, কপোতাক্ষ ও রায়মঙ্গল নদী পর্যটকদের মুগ্ধ করে। ভাটার সময় জেগে ওঠা চরে লাল কাঁকড়ার ছোটাছুটি কিংবা জোয়ারের সময় ডলফিনের লাফ দেখার মতো রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য সাতক্ষীরা রুটটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়।’
তিনি আরো জানান, ‘যেহেতু প্রশাসন ও ট্রলার মালিক সমিতি বসে পরবর্তীতে একটি সুশৃঙ্খল ও নিরাপদ কর্মপদ্ধতি ঠিক করার পরিকল্পনা করছে, তাই আশা করা যায় কাঠবডির ট্রলারগুলোর ফিটনেস যাচাই, লাইফ জ্যাকেটসহ পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম বাধ্যতামূলক করা এবং গাইডদের মনিটরিং জোরদার করার মতো যুগোপযোগী কোন নীতিমালা সামনে আসবে। এতে একদিকে যেমন পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত হবে, অন্যদিকে সুন্দরবনের অপার সৌন্দর্য দেখার পথও আবার উন্মুক্ত হবে। এটি সাময়িক বন্ধ করা হয়েছে। তবে দ্রুতই সঠিক পলিসি নির্ধারণ করেই আবার খুলে দেয়া হবে।’
পারমিশন সংক্রান্ত বিধিনিষেধ ও অনির্দিষ্টকালের স্থগিতাদেশ
এ বিষয়ে বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান জানান, ‘আপাতত সাতক্ষীরা রেঞ্জ থেকে কাঠবডির ট্রলারে তিন দিনের পারমিশন বন্ধ রাখা হয়েছে। তবে একদিনের পারমিশন পূর্বের নিয়মেই চলবে। তিন দিনের পারমিশন বন্ধের বিষয়ে পরিপত্র জারির প্রস্তুতি চলছে।’
নিষেধাজ্ঞা কত দিন স্থায়ী হবে—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ‘আপাতত অনির্দিষ্টকালের জন্য এটি বন্ধ রাখা হয়েছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে এবং পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।’
নিরাপদ ও সুশৃঙ্খল পর্যটন নিশ্চিত করার মধ্য দিয়েই সুন্দরবনের সৌন্দর্য যেন দর্শনার্থীদের জন্য আশীর্বাদ হয়ে থাকে, সেটাই সবার প্রত্যাশা। অদূর ভবিষ্যতে ভ্রমণপিপাসুদের জন্য আরো বেশি নিরাপত্তা ও উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে সুন্দরবনের এই অপার দুয়ার পুনরায় উন্মুক্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সুন্দরবনে অতীতের কিছু অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা
প্রসঙ্গত, গত ৬ নভেম্বর ময়মনসিংহের ভালুকার পর্যটক রিয়াজ আহমেদের নিখোঁজ হওয়া এবং পরবর্তীতে ৮ নভেম্বর আলোরকোল থেকে তার লাশ উদ্ধারের ঘটনা ঘটে।
পরিবেশকর্মী নিলীমা রাণী জানান, ‘এর আগেও সুন্দরবনে বিভিন্ন সময়ে পর্যটকদের মৃত্যুর ঘটনা ঘটেছে। ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর কচিখালীর ডিমের চরে গোসল করতে নেমে স্রোতের টানে মাহিত আব্দুল্লাহ (১৬) নামে এক কিশোর পর্যটক মারা যান।
এছাড়া ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি পশুর নদে পর্যটকবাহী জালি বোট ডুবে ১৩ জন পর্যটক উদ্ধার হন এবং ২০২৫ সালের ৮ নভেম্বর ঢাংমারি খালেও ১৩ পর্যটক নিয়ে একটি বোট ডুবির ঘটনা ঘটে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








