সুবর্ণচরে পিকআপের ধাক্কায় অটোরিকশা চালক নিহত
দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা। নয়া দিগন্ত

নোয়াখালীর সুবর্ণচরে মাছবাহী একটি পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় মোহাম্মদ হাসান (৪০) নামে অটোরিকশা চালক নিহত হয়েছেন।

Advertisement

বুধবার (১১ নভেম্বর) ভোরে উপজেলার চেয়ারম্যানঘাট-সোনাপুর সড়কের পরিষ্কার রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে উপজেলার চরবাটা ইউনিয়নের দক্ষিণ চরমজিদ গ্রামের গ্লোব ফিশারিজের মাছবাহী একটি পিকআপ বেপরোয়া গতিতে জেলা শহর মাইজদীর দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা আসছিল। অটোরিকশাটিতে কোনো যাত্রী ছিলেন না। এক পর্যায়ে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিপরীত পাশে গিয়ে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিকশা চালক হাসানের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পিকআপটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সুধারাম থানা পুলিশের ধাওয়ায় পিকআপসহ চালককে আটক করে।

নিহত মোহাম্মদ হাসান সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের দক্ষিণ চরমজিদ গ্রামের কালামের বাড়ির মৃত আবুল কালামের ছেলে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।