
নরসিংদীর রায়পুরার খলিলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন স্কুল ঘর নির্মাণ করে দিয়েছেন রায়পুরার মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুদ রানা।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে নবনির্মিত টিনশেড স্কুল ঘরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। জরাজীর্ণ ভবন ছেড়ে নতুন ও সুন্দর শ্রেণিকক্ষে পাঠদানের সুযোগ পেয়ে উৎসবে মেতেছে কোমলমতি শিক্ষার্থীরা।
ফাটল ধরা ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান
সরেজমিনে জানা গেছে, বিদ্যালয়ের মূল ভবনটিতে ফাটল দেখা দেয়ায় তীব্র শ্রেণিকক্ষ সঙ্কট দেখা দেয়। জরাজীর্ণ ভবনটির নিচে কোমলমতি শিশুদের জীবনের চরম ঝুঁকি নিয়েই চলছিল পাঠদান। এই আশঙ্কাজনক পরিস্থিতি বিবেচনা করে শ্রেণিকক্ষের সংকটাপন্ন অবস্থায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
তাৎক্ষণিক পদক্ষেপ ও নতুন পরিবেশ
শিক্ষার্থীদের নিরাপত্তায় উপজেলা প্রশাসনের অর্থায়নে তিন কক্ষবিশিষ্ট একটি টিনশেড ঘর নির্মাণ করা হয়েছে। কেবল শ্রেণিকক্ষ নির্মাণই নয়, শিক্ষার্থীদের সুবিধার্থে নতুন বেঞ্চ, শিক্ষকদের জন্য চেয়ার-টেবিল এবং নতুন কক্ষে বৈদ্যুতিক পাখা ও লাইটের সুব্যবস্থা করা হয়েছে। নতুন শ্রেণিকক্ষ ও সুন্দর শিক্ষার পরিবেশ পেয়ে আনন্দ প্রকাশ করার পাশাপাশি ইউএনও মাসুদ রানার এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে শিক্ষার্থীরা।
আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ও সুধীবৃন্দের উপস্থিতি
বুধবার দুপুরে নবনির্মিত বিদ্যালয়ের টিনশেড ঘরটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ রানা।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সোহরাব হোসেন ভূঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পলাশতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আমজাদ হোসেন ভূঁইয়া আলতাফ, পলাশতলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন ভূঁইয়া, বিদ্যালয়ের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন কবির।
ইউএনও-র বক্তব্য
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা বলেন, ‘খলিলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান চলছিল। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে উপজেলা প্রশাসনের অর্থায়নে তিনটি শ্রেণিকক্ষবিশিষ্ট একটি টিনশেড ঘর নির্মাণ করা হয়েছে। পাশাপাশি সরবরাহ করা হয়েছে বৈদ্যুতিক ফ্যান, লাইট, বেঞ্চ, চেয়ার ও টেবিল।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








