
নোয়াখালীর সদর উপজেলায় মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে মাইসা ইলহান নুহা (৭) নামের এক শিশু শিক্ষার্থীকে হত্যার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) স্থানীয় চর মটুয়া বাজারে এ কর্মসূচি পালিত হয়।
নিহত শিশু নুহা জেলার বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের দক্ষিণ নয়নপুর গ্রামের আবুল হোসেন মাস্টার বাড়ির ইকবাল হোসেনের মেয়ে। সে মহতাপুর গ্রামের মহতাপুর নূরানী মাদরাসার প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, নুহার বাড়ি সদর উপজেলার সীমান্তবর্তী বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের নয়নপুর গ্রামে। বাড়ির পাশের সদর উপজেলার মহতাপুর গ্রামের নূরানী মাদরাসায় সে পড়াশোনা করত।
প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে সে মাদরাসায় যায় এবং দুপুরে বাড়ি ফিরে খাবার খেয়ে পুনরায় মাদরাসায় যায়। কিন্তু ছুটির পরও সে বাড়ি ফেরেনি। পরে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে মহতাপুর গ্রামের একটি বাড়ির রাস্তার পাশে ঘরের পেছনে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়।
স্থানীয় এলাকাবাসী এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড অভিহিত করে ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং বিচারের দাবিতে চর মটুয়া বাজারে মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা শিশু শিক্ষার্থী নুহার হত্যাকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।
এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নজরুল ইসলাম জানান, শিশু শিক্ষার্থী নুহার মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








