নোবিপ্রবিতে ২ দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু
প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন নোবিপ্রবি ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী। নয়া দিগন্ত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) কর্মকর্তাদের অংশগ্রহণে দুই দিনব্যাপী ‘ডি-নথি’ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

Advertisement

বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিএসটিই বিভাগের ল্যাবে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন নোবিপ্রবি ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী।   

আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: হাছান উদ্দীন ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী। 

প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে ছিলেন নোবিপ্রবি আইসিটি সেলের সিস্টেম অ্যানালিস্ট মো: মাঈনুদ্দীন, ফয়েজ আহমেদ ও নোয়াখালী সদর উপজেলা আইসিটি কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ মিরাজ।   

প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ‘আমরা ডি-নথি ব্যবহারের ওপর নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছি। আমাদের লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম পর্যায়ক্রমে ডিজিটালাইজড করা এবং একটি পেপারলেস বা কাগজবিহীন প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা। সে লক্ষ্য বাস্তবায়নে ডি-নথি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

ভিসি ড. গোলাম রব্বানী বলেন, ‘ডি-নথির মাধ্যমে যেকোনো স্থান থেকেই ফাইল নিষ্কম্পতি করা সম্ভব। ফলে প্রশাসনিক কাজে গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে এবং সময়ের অপচয় কমবে।’ 

আগামী বছর থেকেই সম্পূর্ণভাবে ডি-নথির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করে তিনি অংশগ্রহণকারীদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগের আহ্বান জানান। 

আইকিউএসির অতিরিক্ত পরিচালক (কিউএ) ড. মো: শিবলুর রহমানের প্রোগ্রাম মডারেটরে প্রশিক্ষণে নোবিপ্রবির বিভিন্ন দপ্তর ও শাখার বিভিন্ন স্তরের কর্মকর্তারা অংশ নেন।