
চাঁদপুরের হাজীগঞ্জে পুকুর থেকে দুলাল মিয়াজী (৬০) নামে এক আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ওড়পুর নোয়াপাড়া এলাকার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত দুলাল কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ছিলেন।
মৃতের ছেলে তামিম জানান, গ্রেফতার আতঙ্কে গত কয়েক দিন ধরে রাতে বাড়িতে ঘুমাতেন না তার বাবা দুলাল। মঙ্গলবার সন্ধ্যায় তার মায়ের সাথে শেষবারের মতো কথা বলে তিনি ঘুমাতে যান। বুধবার সকালে বাড়ির পাশের পুকুরে তার লাশ ভাসতে দেখেন স্থানীয়রা।
পরিবারের দাবি, মৃতের শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে মাথা ও পিঠে গুরুতর জখম ও আঘাতের চিহ্ন রয়েছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা জানান, খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








